হাক্কানি নেতাকে হত্যার বদলা নেয়ার ঘোষণা তালেবানের

পাকিস্তানে হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের সিনিয়র নেতা নাসিরউদ্দিন হাক্কানিকে গুলি করে হত্যার প্রতিবাদে তালেবান নেতারা তার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। তারা বলেছেন, তাদের নেতাকে এভাবে খুন করায় তারা হাত গুটিয়ে বসে থাকবেন না। পাল্টা হামলার জন্য তারা সর্বাত্মকভাবে প্রস্তুত হচ্ছেন। গত রবিবার রাতে ইসলামাবাদের কাছে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নাসিরউদ্দিন নিহত হন। —খবর এনডিটিভি ও বিবিসির। নিহত নাসিরউদ্দিন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে। তাকে ওইদিন বারাকাউ এলাকায় গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা কয়েকটি মোটর সাইকেলে করে তাকে হত্যার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার মৃত্যুর বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পরপরই তালেবান তার হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। তেহরিক-ই-তালেবানের (টিটিপি) মুখপাত্র শহীদুল্লাহ শহীদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা এই খুনের বদলা নেব। হাক্কানি নেটওয়ার্কের এক কর্মকর্তা বলেন, নাসিরউদ্দিনের লাশ পরবর্তীতে তাদের উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাফন-কাফন সম্পন্ন হয়। হাক্কানি নেটওয়ার্কের সূত্র জানায়, নিহত নাসিরউদ্দিন দলের তহবিল বৃদ্ধি, রাজনৈতিক ও লজিস্টিক বিষয়ে দেখাশুনা করতেন। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের নেকা জেলায় জন্ম নেয়া নাসিরুদ্দিন হাক্কানির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল তার সকল সম্পত্তি, ভ্রমণের উপর। এর আগে গত বছর আগস্টে তার ভাই বদরুদ্দিন হাক্কানি মার্কিন ড্রোন হামলায় মারা যান। তিনি দলের অপারেশনাল কমান্ডার ছিলেন।