সময়ের প্রয়োজনীয় কিছু গ্যাজেটস

ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে আমাদের জীবন। আর এই নির্ভরতায় বড় একটি ভূমিকা রাখছে বিভিন্ন ধরনের নিত্যনতুন গ্যাজেটস। প্রতিনিয়তই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গ্যাজেটস নিয়ে হাজির হচ্ছে বিশ্বের সামনে। আর তাদের চমকে চমকিত হয়ে উঠছে সকলে। ঘরে-বাইরে সব জায়গার কথা বিবেচনা করেই এখন তৈরি করা হচ্ছে নানা ধরনের গ্যাজেটস। বিশেষ করে স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ডিভাইস তৈরির পেছনে মূল উদ্দেশ্য হিসেবে কাজ করছে ঘরের বাইরে বসেও ঘরের মতো করে কাজ করতে পারা। সেই লক্ষ্যে অনেকটাই সফল এসব মোবাইল ডিভাইস। ঘরে-বাইরে ব্যবহারে ব্যবহারের উপযোগী আরও নানা ধরনের গ্যাজেট রয়েছে। এই লেখায় সম্প্রতি বিশ্ববাজারে হাজির হওয়া কিছু গ্যাজেটসের কথা তুলে ধরা হলো। পাওয়ারট্রেক ঘরের বাইরে বের হলে এখন অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় নিজের স্মার্টফোন বা ট্যাবলেট পিসি। আর এই দুশ্চিন্তার মূলে রয়েছে চার্জ। এখন পর্যন্ত গড়ে ১০ ঘণ্টা পর্যন্তই ব্যাকআপ দিতে সক্ষম বেশিরভাগ স্মার্টফোন বা ট্যাবলেট পিসি। ফলে একটু বেশি সময়ের জন্য বাইরে থাকতে হলে অনেকের চিন্তার অন্ত থাকে না। তাদের জন্য এক সহজ সমাধান নিয়ে এসেছে পাওয়ারট্রেক। এটি মূলত একটি বহনযোগ্য চার্জার। সোলার চার্জার অনেক স্থানেই জনপ্রিয় হলেও পাওয়ারট্রেকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চালানোর জন্য প্রয়োজন কেবল পানি! হ্যাঁ, এর জ্বালানি হিসেবে কাজ করে শুধুই পানি। কাজেই হাতের কাছে পানি থাকলে এটি ব্যবহার করে ইউএসবি সমর্থিত যেকোনো ডিভাইস চার্জ করে নিতে পারবেন। ফলে যেকোনো স্থানেই পাওয়ারট্রেক সাথে থাকা মানেই চার্জ সমস্যার মুক্তি। ডিআইএ প্যারট ছবির অ্যালবামের চাইতে এখন ডিজিটাল ফটোফ্রেমের কদর বেশি। স্যামসাং, সনিসহ বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান এমন ফটোফ্রেম তৈরি করেছে। তবে নোডিজাইন সম্প্রতি ডিআইএ প্যারট নামে যে ফটোফ্রেমটি তৈরি করেছে, নানাদিক থেকেই সেটি দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বিশেষ করে ডিজাইন, এলসিডি ডিসপ্লে এবং বহিরাবরণের কাঁচের মধ্যেকার দূরত্ব, এইচডি ডিসপ্লে’র উজ্জ্বলতা প্রভৃতি একে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে। ব্লুটুথ এবং ওয়াই-ফাই সমর্থিত এই ফটো ফ্রেমটিতে স্মার্টফোন, ট্যাবলেট পিসি কিংবা ল্যাপটপ থেকে ছবি সংযোজন করা যায়। আবার পিকাসা কিংবা ফ্লিকার থেকেও সরাসরি ছবি স্ট্রিমিং করানো যায় এতে। ইটোন সোলার চার্জার নামে সোলার চার্জার হলেও এই ডিভাইসটি নানা কাজের কাজি। সোলার চার্জার হওয়ায় সহজেই এর মাধ্যমে নানা ধরনের ডিভাইস চার্জ করা যায়। আর বাড়তি সুবিধা হিসেবে এতে রয়েছে হেডফোন জ্যাক, অ্যালার্ম ক্লক, রেডিও ফাংশন, আবহাওয়া বার্তা এবং সতর্কীকরণ সুবিধা। তবে এখানেই শেষ নয়, থার্মোমিটার, ব্যারোমিটার, কম্পাস, ক্রনোগ্রাফ, এলইডি ফ্ল্যাশলাইটের মতো সব সব আউটডোর কম্পোনেন্ট মিলবে এই একটি ডিভাইসেই। আবার কোক বা সেভেন-আপের বোতল খোলার জন্য ওপেনারও রয়েছে এতেই। বুঝতেই পারছেন, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং হুটহাট এখানে-সেখানে বেরিয়ে পড়েন, তাদের জন্য বিশাল কাজের হবে ইটোনের এই গ্যাজেটসটি। ডুয়াল এক্সজিপিএস ১৫০ যেসব ডিজিটাল ডিভাইসে বিল্ট-ইন হিসেবে নেই জিপিএস, সেসব ডিভাইসে জিপিএস সুবিধা প্রদান করার জন্য রয়েছে ডুয়াল এক্সজিপিএস ১৫০ মডেলের এই জিপিএস ডিভাইসটি। আইপড টাচ কিংবা বেশিরভাগ ল্যাপটপেই বিল্ট-ইন জিপিএস থাকে না। সেক্ষেত্রে আপনার বর্তমান অবস্থানকে নিঁখুতভাবে চিহ্নিত করতে এবং জিপিএস ব্যবহার করে অন্য যেকোনো কাজ করতে সহায়তা করবে এটি। ব্লুটুথের মাধ্যমেই এটি আপনার ডিভাইসের সাথে যুক্ত হতে পারবে। অনেক জিপিএস প্রোগ্রামের চাইতেও সঠিকভাবে এটি কাজ করে। সানটো টেরাওয়াচ স্মার্ট হাতঘড়ি নিয়ে এখন মেতে রয়েছে প্রযুক্তিবিশ্ব। তবে সানটো’র ইলেমেন্টাম টেরাওয়াচ তাদের জন্য চমত্কার একটি গ্যাজেটস, যারা বনবাদাড়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। কোনো স্থানের উচ্চতা জানাতে এতে রয়েছে অলটিমিটার। আবার কোন পথে যেতে হবে, তার নির্দেশনা দিতে এতে রয়েছে ত্রিমাত্রিক কম্পাস। ব্যারোমিটারও রয়েছে এতে। ফলে আবহাওয়ার তারতম্যও এর মাধ্যমেই সনাক্ত করতে পারবেন। আর ঘড়ি যখন, তখন দিন-তারিখ-সময় প্রদর্শনের কথা আলাদা করে আর বলার দরকার নেই।