পণ্যের মানের বিষয়ে জিরো টলারেন্স : শিল্পমন্ত্রী

বিএসটিআইর অফিস সম্প্রসারণ

হবে জেলা পর্যায়ে

ইত্তেফাক রিপোর্ট

পণ্যের মানের বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, পণ্যের মান এবং পরিমাপ সম্পর্কিত যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে বিএসটিআইকে আপসহীন হতে হবে। জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগতমান সুরক্ষা বিএসটিআইর দায়িত্ব। সম্প্রতি বিএসটিআইর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিএসটিআইর কর্মকাণ্ড মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ম্যানেজ করে চলার দিন শেষ। সব ধরনের ভয়-ভীতি, প্রলোভন ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে তেজগাঁওয়ের বিএসটিআই মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে

অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, বিএসটিআইর পরিচালক মো. আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।  

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইর টেস্টিং রিপোর্ট আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে বেশকিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পণ্যের মান এবং ওজন ও পরিমাপ নিশ্চিত করতে হলে জেলা পর্যায়ে বিএসটিআইর অফিস সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধি করতে হবে। বিএসটিআইর একার পক্ষে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি উত্পাদক ও ব্যবসায়ীদের সত্ থাকার আহ্বান জানান।

এ সময় বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয় ল্যাবরেটরি, পণ্যের সনদ প্রদান ব্যবস্থাপনা, ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত সম্প্রতি বাংলাদেশের ২১টি পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত মানসনদ গ্রহণ করেছে। আরো কিছু পণ্যের ক্ষেত্রে এ প্রক্রিয়া চলমান রয়েছে। বিএসটিআইর কেমিক্যাল ও ফিজিক্যাল ল্যাবরেটরির ৩৫টি পণ্যের ৪১১টি মানদণ্ড ইতোমধ্যে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।