বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জের
ঈশ্বরদীতে যুবদল কর্মী গুলিবিদ্ধ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৮
ঈশ্বরদীতে বিএনপি’র দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে সোমবার রাতে নতুনহাট গোল চত্বরে যুবদল কর্মী নিশান (৩০) গুলিবিদ্ধ হয়েছে। নিশান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ভাতিজা। নিশানকে গুলিবিদ্ধ অবস্থায় পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাবিব অভিযোগ করেন, প্রতিপক্ষ পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটির সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের সমর্থক সাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সেন্টু সরদারের নির্দেশে একদল সন্ত্রাসী নিশানকে হত্যার উদ্দেশ্য এই হামলা চালিয়েছে। অপরদিকে সাহাব উদ্দিন সেন্টু সরদার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, বিকালে ১৮ দলের শান্তিপূর্ণ মিছিল করে তারা বাড়ি ফিরে যান। পরে কি ঘটেছে তা তিনি জানেন না। উল্লেখ্য, গত রবিবার দুপুরে নতুনহাট গোল চত্বরে জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশি বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সরদার ও হাবিবুর রহমান হাবিব গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।