শ্রীলঙ্কা সিরিজের আগেই বিসিএল?

শ্রীলঙ্কা সিরিজের আগে আগামী মাসেই অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। গতকাল এমনই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। সম্প্রতি সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে আভাস মিলেছিল, বছরের শেষে পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এমন সম্ভাবনা উড়িয়ে না দিলেও জানিয়েছেন, বিসিবি’র লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএলের দ্বিতীয় আসর আয়োজন করা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএল আয়োজন করা। সেটা সম্ভব না হলে বিদেশি কোন দল আসতে পারে। কয়েকটি দল আগ্রহ প্রকাশ করেছে।’ বিসিবির বর্ষপঞ্জি অনুযায়ী ডিসেম্বরে পুরো মাস ছাড়াও ১২ জানুয়ারি পর্যন্ত ক্যালেন্ডারে ফাঁকা আছে। শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ২৪ ডিসেম্বর। তাই এর মাঝে ফ্র্যাঞ্চাইজি নির্ভর প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলএর দ্বিতীয় আসরটি মাঠে গড়াক, এমনটাই চাইছে বিসিবি। তবে, বর্ষপঞ্জি অনুযায়ী বিসিএল শুরু হবার কথা আগামী বছরের ২৫ মে। শেষ হবার কথা ১৬ জুন। বিসিএল দিয়েই ক্রিকেট মৌসুমের বর্ষপঞ্জি শেষ হবে বিসিবির। বিসিবি প্রথম আসরের বিসিএল সাফল্যের সাথে আয়োজন করার কারণেই আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজের আগে প্রতিযোগিতামূলক এ আসরটির আয়োজনকে গুরুত্ব দিচ্ছে। তাই ডিসেম্বরের ফাঁকা সময়ে বিসিবি চাইছে বিসিএলকে এগিয়ে আনতে। কিন্তু এতো অল্প সময়ে বিসিএল আয়োজন সম্ভব কি না সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! টুর্নামেন্টের চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি বিসিবির নিজস্ব বিসিবি নর্থ জোন। অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইসলামী ব্যাংক ইস্ট‘ জোন।