শহীদ রণদা প্রসাদ সাহার ১১৭তম জন্মবার্ষিকী আজ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:০৬
দানবীর শহীদ রণদা প্রসাদ সাহার ১১৭তম জন্মবার্ষিকী আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে তার নিজ গ্রাম মির্জাপুরে এবং তার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা ও ভারতেশ্বরী হোমসে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ তার জন্মজয়ন্তী পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারীনেত্রী শ্যামলী নাসরিন।
১৮৯৬ সালের ২৫ নভেম্বর মির্জাপুরে জন্মগ্রহণ করেন রণদা প্রসাদ সাহা। তার পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা এবং মাতার নাম শোভা সুন্দরী। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তিনি শ্রম, মেধা ও সাধনার মাধ্যমে এক সময় অগাধ সম্পদের মালিক হন। পরে তিনি তার সমুদয় সম্পত্তি দিয়ে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেন।
১৯৭১ সালের ৭ মে গভীর রাতে পাকবাহিনী রণদা প্রসাদ সাহা ও তার একমাত্র ছেলে রবিকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।