শোক সংবাদ

আব্দুল হাই পনা পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই পনা (৭৫) গত সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার কাউখালী ও কেউন্দিয়ায় দু’দফা জানাজা শেষে উপজেলার কেউন্দিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের এমপি অধ্যক্ষ শাহ্ আলম, সাবেক যোগাযোগ মন্ত্রী এম মতিউর রহমান, সাবেক আইন প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ব্যারিস্টার শাহজাহান ওমর, ৯ নং সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিমল চন্দ্র দাস বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা ও অর্থ বিভাগের যুগ্ম সচিব বিমল চন্দ্র দাস সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল তার মরদেহ সচিবালয়ে আনা হলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী তাকে শ্রদ্ধা জানান। গতকালই তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় শেষকৃত্য সম্পন্ন হয়। আবুল কাশেম মণ্ডল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মণ্ডল (৮৫) গত শনিবার বার্ধক্যজনিত কারণে চাঁদমিটুয়ানি গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন। সাধনা রানী ঘোষাল দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের সাবেক শিফট ইনচার্জ প্রবীণ সাংবাদিক প্রশান্ত ঘোষালের মা বিদুষী সাধনা রানী ঘোষাল (৯৬) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার শহরের শ্রীপল্লীর নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি তিন পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সাধারণ সম্পাদক তানভীর হাসান ও কোষাধ্যক্ষ বাছির উদ্দিন জুয়েল গভীর শোক জানিয়েছেন। কালাই হাওলাদার বরিশালের গৌরনদী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলমগীর হোসেনের পিতা ও গৌরনদীর চাল ব্যবসায়ী কালাই হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত কারণে সোমবার উপজেলার দিয়াশুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। মনিরুন নাহার সিলেট বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান ফরাজীর সহধর্মিণী মনিরুন নাহার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মনিরুন নাহার দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত ছিলেন। আগামী ১৫ নভেম্বর বাদ জুম’আ মরহুমার ফ্ল্যাট-৩/সি, বিল্ডিং-১, এস এ খালেক সিটি, গাবতলী, ঢাকায় দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে।