রাজনৈতিক অস্থিরতায় চাপে রয়েছে দেশের অর্থনীতি

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতি কিছুটা চাপে রয়েছে। যার প্রভাব পড়েছে শিল্প, সেবা ও কৃষি খাতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি গ্যাস-বিদ্যুতের সঙ্কট ও অবকাঠামো সমস্যার কারণে এ খাতগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক মূল্যায়ন প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যা দেশের মূল্যস্ফীতির চাপকে বাড়িয়ে দিতে পারে। এ অবস্থায় রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সঙ্কট দূর করতে হবে। অন্যথায় গোটা অর্থনীতিই প্রভাবিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেল প্রান্তিকে দেশের কৃষি খাতের উত্পাদন ও রপ্তানি আয় বেড়েছে। তবে পণ্য সরবরাহে ঝক্কি পোহাতে হচ্ছে। হরতাল ও অবরোধের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে উত্পাদকদের ক্ষতির সম্মুখীন হতে হবে। যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এদিকে রাজনৈতিক অস্থিরতা, ঋণ বিতরণে স্বল্পতা এবং মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার নিম্ন প্রবণতায় শিল্প খাতের অবদান কমে গেছে। কমেছে সেবা খাতেরও অবদান। গত অর্থবছরের তুলনায় চলতি বছরে এসব খাতের অবদান কমে যাওয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।