ছত্তিশগড়ে আবারো মাওবাদি হামলা, ৩ বিএসএফ নিহত
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:২২
ভোটকেন্দ্রে হামলার একদিন পর ভারতের ছত্তিশগড় রাজ্যে এবার নির্বাচনী টিমের উপর হামলা চালিয়েছে মাওবাদি বিদ্রোহীরা। এতে তিন বিএসএফ জওয়ান নিহত হয়েছে। ঘটনার শিকার জওয়ানরা একটি নির্বাচনী টিমের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। রাজ্যের সুকমা জেলায় গতকাল এই ঘটনা ঘটে।
জানা গেছে, ছত্তিশগড় রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ইভিএম মেশিন ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে ফিরছিলেন কর্মকর্তারা। পথিমধ্যে তাদের উপর হামলা চালায় বিদ্রোহীরা। বিএসএফ জওয়ানরা হামলা প্রতিরোধ করতে গুলিবর্ষণ করে। কিন্তু মাওবাদিরা মাইন বিস্ফোরণে গাড়িটি উড়িয়ে দেয়। এতে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়। আহতদের হেলিকপ্টারে করে রায়পুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই স্থানেই গত বছর মাওবাদিরা জেলা কালেক্টর পল মেননকে অপহরণ করেছিল। মাওবাদিদের অন্যতম ঘাটি বলে পরিচিতি সুকমাতে নির্বাচনের আগে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাতেও হামলা বন্ধ হয়নি।
পৃথক একটি ঘটনায় ধর্নাপালে মাওবাদিদের হামলায় একজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছে। তার বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। একটি অনুষ্ঠান উদ্বোধনের সময় মাওবাদিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে ওই জওয়ান আহত হয়। অন্যদিকে, গুন্ডাহুর এলাকায় মাওবাদিরা একটি মাইন বিস্ফোরণ ঘটায়। তবে কেউ হতাহত হয়নি।