পদত্যাগের পর মন্ত্রীদের দায়িত্ব পালন রাষ্ট্রদ্রোহিতার শামিল
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:২৩
পেশাজীবী নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে ভয়াবহ সঙ্কট সৃষ্টি করেছে। যার কারণে বর্তমানে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। গভীর এ সঙ্কটাবস্থায় দেশে গণতন্ত্র ও গণমাধ্যম দুটোই হুমকির সম্মুখীন। এ সংকট উত্তরণে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই একমাত্র সমাধান। তিনি বলেন, পদত্যাগ করার পর মন্ত্রীদের দায়িত্ব পালন রাষ্ট্রদ্রোহিতার শামিল। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে বিএনপিপন্থি পেশাজীবীদের নেতৃবৃন্দ এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এর আয়োজন করে।
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেন, সংবিধান অনুযায়ী মন্ত্রীরা যে মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন, সেই মুহূর্ত থেকেই তা কার্যকর হয়ে গেছে। এরপর থেকে তাদের ওই পদে দায়িত্ব পালনের সাংবিধানিক অধিকার নেই। তিনি বলেন, মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার পর প্রধানমন্ত্রীর উচিত ছিল পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে তার ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু তিনি তা করেননি। তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আফম ইউসুফ হায়দার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ড্যাবের সভাপতি ডা. আজিজুল হক, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, বিএফইউজের একাংশ সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. খুরশীদ মিয়া আলম, বিএসএমএমইউ-এর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী প্রমুখ।