জাবির ভিসি প্যানেল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে আজ বুধবার। গতকাল মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের সাথে দেখা করলে তিনি এ কথা জানান। ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে তারা ভিসির সঙ্গে দেখা করেন। এ সময় ভিসি তাদেরকে বলেন, ‘আমি খুব দ্রুতই চলে যাব। আমি আজ (গতকাল) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে দেখা করে বুধবার আপনাদেরকে ভিসি প্যানেল নির্বাচনের বিষয়ে জানাবো। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এমএ মতিন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। এছাড়া আন্দোলনরত শিক্ষকদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।