খুলনায় দাম বাড়ল এলপি গ্যাসের
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:২৫
খুলনায় এলপি গ্যাসের দাম বেড়েছে। গত শনিবার থেকে বেসরকারি কোম্পানিগুলো সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়িয়েছে। তবে ক্ষুব্ধ গ্রাহকরা গ্যাসের দাম বৃদ্ধির জন্য কোম্পানির সিন্ডিকেটকে দায়ী করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বসুন্ধরা কোম্পানির ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডার ১ হাজার ৪৩০ থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮০ টাকা করা হয়েছে। যমুনা স্পেসটেক গ্যাস ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮০ টাকা, ১ হাজার ৪৭০ টাকার মূল্যের সাড়ে ১২ কেজি ওজনের ক্লিনহীট ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫২০ টাকা এবং টোটাল গ্যাস ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮০ টাকা করা হয়েছে। বর্তমানে খুলনায় ৬০ হাজারসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক লাখ গ্রাহক গ্যাস ব্যবহার করছেন।
খুলনা এলপি গ্যাস ডিলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম জানান, এখন গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক কোন কারণ নেই। দফায় দফায় দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে ধীরে ধীরে মানুষ গ্যাসের ব্যবহার ছেড়ে দিয়ে বিকল্প জ্বালানির সন্ধানে চলে যাবে। তিনি গ্যাসের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানান।