দুর্গাপুর শহরে ১৪৪ ধারা

দুর্গাপুর পৌর সদরের সিঙ্গাহাট মাঠে ছাত্রলীগ এবং বিএনপি মঙ্গলবার বিকালে পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ আহবান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিএনপি সিঙ্গাহাট মাঠে মঙ্গলবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করে প্রচারণা চালায়। একই সময় একইস্থানে ছাত্রলীগও পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করে প্রচারণা শুরু করে। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ যেকোন মূল্যে কর্মসূচি পালন এবং পরস্পরের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ১৪৪ ধারা জারি করেন। পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।