রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্যই বোমাগুলো বানানো হয়েছিল
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৫
রাজধানীর কলাবাগান থেকে উদ্ধারকৃত বোমাগুলো সুদক্ষ হাতে তৈরি। প্রশিক্ষিত কারিগররাই এগুলো তৈরি করেছে। বোমাগুলো রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা সৃষ্টির কাজে ব্যবহার করার জন্যই প্রস্তুত করা হয়েছিল। গ্রেফতারকৃত শিবিরের ৭ কর্মী জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের কাছে এমন তথ্যই দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাদের ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রবিবার গভীর রাতে রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান বাজার সংলগ্ন ৮৮ নম্বর কাঞ্চন টাওয়ারের পঞ্চম তলার শিবিরের মেস থেকে ১৭৯টি তাজা বোমা, বোমা তৈরির বিভিন্ন প্রকার প্রায় ৮ কেজি বিস্ফোরক ও সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার করা হয় ঐ ৭ শিবির কর্মীকে।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল জানান, গ্রেফতারকৃতরা শিবিরের প্রশিক্ষিত সদস্য। এরাই বোমা প্রস্তুত ও মজুদ করে এবং প্রয়োজনে বোমা হামলা চালায়।