জেল আপিল করেছেন ১৩৮ বিডিআর জওয়ান

পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৮ জন বিডিআর জওয়ান জেল আপিল করেছেন। তবে রায়ের অনুলিপি না পাওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এখনো নিয়মিত আপিল করতে পারেননি। রায়ের অনুলিপি পেলেই বিশেষ আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করবেন বলে আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জনের মধ্যে ১৪ জন পলাতক থাকায় তারা আপিল করতে পারছেন না। আত্মসমর্পণের পরই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ পাবেন। আসামি পক্ষের অন্যতম আইনজীবী এডভোকেট মো. শামীম সরদার ইত্তেফাককে বলেন, আমরা এখনো রায়ের অনুলিপি পাইনি। তামাদি আইনে বলা আছে, রায়ের অনুলিপি প্রাপ্তির সাত দিনের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে হবে। সেই মোতাবেক রায়ের অনুলিপি পেলেই ফাঁসির রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করা হবে।