অভিনয়ের মোহনায়...

হালের জনপ্রিয় মডেল শখ। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে সর্বত্রই মডেল হিসেবে তার সাবলীল উপস্থিতি। সম্প্রতি আলোচনায় এসেছেন দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের এই ছবিতে শখ নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন। অভিনয়ের মোহনায় দাঁড়িয়ে থাকা এই তরুণীকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত বাবা-মায়ের অনুপ্রেরণাতেই ছোটবেলায় নাচের সাথে সখ্যতা তৈরি হয় তার। শুরুতে কচিকাঁচার মেলা পরে শিশু একাডেমীতে নাচ শেখেন। পরে বুলবুল ললিতকলা একাডেমীতে বেশ ক’বছর নৃত্যে তালিম নেন এমআর ওয়াসেক ও আনিসুল ইসলাম হিরুর কাছে। সরকারি নিমন্ত্রণে দেশের বাইরেও বেশ কয়েকবার পারর্ফম করেছেন শখ। দিদারুল আলম বাদল পরিচালিত ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে টিভি মিডিয়ায় অভিষেক ঘটে শখের। মাঝে কিছু বিরতির পর বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থেকে সানসিল্কের একটি বিলবোর্ডের বিজ্ঞাপনের মডেল হওয়ার প্রস্তাব পান। অবশ্য শখের লক্ষ্য ছিল বিজ্ঞাপনচিত্রের। আর সেই সুযোগটি করে দেন গুণী নির্মাতা অমিতাভ রেজা। একটি নাচের অনুষ্ঠানে শখের পারফর্মেন্স দেখে তোশিন ফ্যানের বিজ্ঞাপনের মডেল হওয়ার প্রস্তাব দিলে সানন্দে রাজি হয়ে যান শখ। এরপর পরের গল্প সবারই জানা। মোস্তফা সরয়ার ফারুকীর প্যারাসুট হেয়ার অয়েল এবং ভারতের নির্মাতা ইন্দ্রানি হালদারের ফেয়ার এভার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনচিত্র দু’টি শখের মডেল হওয়ার পথকে গতিশীল করে। পরবর্তীতে ‘বৈশাখী বিকেলের ঝড়ো হাওয়া’র ইউরো লেমনের বিজ্ঞাপনটি শখকে এনে দেয় প্রতিষ্ঠিত মডেলের খ্যাতি। আর বাংলালিংক দেশের বিজ্ঞাপনচিত্রগুলো এনে দিয়েছে জনপ্রিয়তা। প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করা দর্শকনন্দিত এই মডেলের প্রতিভার দ্যুতি ছড়িয়ে দেন। এরপর অসংখ্য টিভি নাটকে ভালো অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শখ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘জবের ব্যাপার’, ‘দিবারাত্রি খোলা থাকে’, ‘টেটমেন্ট’, ‘অল দ্য বেস্ট’, ‘কাজের রঙ’, ‘মুন্সিবাড়ী’, ‘ইউনিভার্সিটি’ প্রভৃতি। এ পর্যন্ত তার ছবি মুক্তি পেয়েছে ‘বলে ানা তুমি আমার’। এমবি মানিকের পরিচালনায় এ ছবিতে শখের নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। সবশেষ এ নায়িকা অভিনয় শেষ করেছেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি ছবির। সানিয়াত হোসেনের পরিচালনায় এ ছবিতে শখের নায়ক হিসেবে আছেন নিলয়। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে শখ অভিনীত কয়েকটি বিজ্ঞাপনচিত্র। মডেলিংয়ে তার দুর্দান্ত পারফর্মেন্স দেখে যেমন সবাই মুগ্ধ হয়, তেমনি অভিনয়ের ক্ষেত্রেও তাকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে গ্রহণ করেছে সবাই। বিভিন্ন নাটকে চরিত্রের ভেতর ঢুকে তাকে বের করে আনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে দর্শকদের পছন্দের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি তার। বাংলা লিংকের একের পর এক বিজ্ঞাপনে তার উপস্থিতি চোখে পড়ার মতো। এখন তিনি প্রস্তুতি নিয়েছেন অন্য পণ্যের নতুন বিজ্ঞাপনের মডেল হয়ে পর্দায় উপস্থিত হওয়ার জন্য। শখ নতুন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন। মডেলিংয়ে তার দুর্দান্ত পারফর্মেন্স দেখে যেমন সবাই মুগ্ধ হয়, তেমনি অভিনয়ের ক্ষেত্রেও তাকে পুরোদস্তুর অভিনেত্রী বলা যায়। বিভিন্ন নাটকে চরিত্রের ভেতর ঢুকে তাকে বের করে আনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে দর্শকদের পছন্দের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি। অভিনয়টাকে তিনি শিল্প হিসেবেই দেখেন। তার ভাষ্যে, ‘অভিনয়টা সাধারণ কোনো কাজ নয়। এটি একটি শিল্প। আর এই শিল্প তিলে তিলে গড়ে তোলে অভিনয়শিল্পীরাই। তাই শিল্পের মান রক্ষায় অভিনয়শিল্পীদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়।’ মাত্রাতিরিক্ত শুটিং ব্যস্ততা কাজের মান খারাপ করে দেয় কিনা জানতে চাইলে শখ বলেন, ‘কিছুটা তো করেই। তবে এর বেশির ভাগটাই নির্ভর করে শিল্পীর ওপর। শিল্পী কীভাবে তার ব্যস্ততাকে সমন্বয় করে তার ওপর এবং মানের বিষয়টি নির্ভর করে। যারা অধিক ব্যস্ত হয়েও সমন্বয়টা করতে পারে তাদের অভিনীত নাটকগুলোর মান অতটা নিচে নামে না যতটা বলা হয়। আমি চেষ্টা করি সমন্বয় করে চলার। কতটা সফল তা দর্শকরাই বলতে পারবে।’ সবকিছু ছাপিয়ে আবারও আলোচনায় এসেছেন শখ সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ শিরোনামের নতুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিন বছর আগে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন শখ শাকিব খানের বিপরীতে। রুপালি পর্দার আলোচিত সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও ফিল্মে তীব্র নায়িকা সংকট ও অসংখ্য ছবিতে অভিনয়ের প্রস্তাবের মাঝে শখ নিজেকে ভাসিয়ে দেননি গতানুগতিক ধারার চলচ্চিত্রের ভিড়ে। একটু গুছিয়ে নিয়ে ‘অল্প অল্প প্রেমের গল্প’-তে সুপার হিরো নিলয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। টিভি নাটক, বিজ্ঞাপনে জুটি বাঁধলেও নিলয়-শখ প্রথমবারের মতো চলচ্চিত্রে একসাথে অভিনয় করছেন। রোমান্টিক-কমেডিনির্ভর কর্মাশিয়াল এই ছবির গল্পে দেখা যাবে, মিশা নামকরা কিলার। তার কাজ টাকার বিনিময়ে অপহরণ ও খুন করা। ঘটনাচক্রে নিলয়কে অপহরণ করে সে। সেই সূত্র ধরে ছবির গল্প সামনে এগোতে থাকে। একপর্যায়ে ভিলেন ও নায়কের কিছু বিষয় ফাঁস হয়ে যায়। নায়ক সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পারে না। পালানোর বিষয়টি বুঝতে পেরে নিলয়কে মারধর করে মিশা। একসময় নিলয় মিশাকে নিজের জীবনের গল্প বলে। গল্পের মধ্য থেকে রোমান্টিক প্রেমের কাহিনী বের হয়ে আসে। ভিলেনের অদ্ভুত চেঞ্জের কারণে ছবির নামের সার্থকতা বেরিয়ে আসে। চলচ্চিত্রটি নিয়ে শখ বলেন, ‘ভালো গল্প আর ছবি হলে আমার চলচ্চিত্রে অভিনয়ে কোনো আপত্তি নেই। প্রথম ছবির পর এখন অবধি আমার কাছে যে কয়টি ছবির প্রস্তাব এসেছে তার কয়েকটির গল্প খুবই বাজে, কয়েকটি ছবি ভালো না আবার কয়েকটি শুধু নায়ককেন্দ্রিক। তবে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি অনেক চমত্কার। এখানে আমি তানিয়া নামের চরিত্রে অভিনয় করেছি। আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না। এক-দুই বছরে একটি ছবিতে অভিনয় করব এতেই যথেষ্ট।’ শখ-নিলয় জুটির ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’-এর শুটিং ও ডাবিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।