খোঁজখবর

নতুন চলচ্চিত্রে সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন চলচ্চিত্র নিয়ে। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এ ছবিটির নাম ‘জিরো ডিগ্রি’। এতে জয়ার বিপরীতে নায়ক হিসেবে আছেন অভিনেতা ও নাট্যপরিচালক মাহফুজ আহমেদ এবং ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। এই চলচ্চিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমরা সবাই একত্রে একটি সুন্দর ছবি নির্মাণের জন্য একত্রে কাজ করছি। আমি মাহফুজ ভাই, অনিমেষ আইচ একসাথে অনেক টিভি নাটকে কাজ করেছি। আশা করছি সময়োপযোগী গল্পের ছবি ‘জিরো ডিগ্রি’ও অনেক ভালো একটি প্রোডাকশন হবে।’ উল্লেখ্য, গত ১ নভেম্বর ‘জিরো ডিগ্রি’র শুটিং শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পাবে। ০০০ ভালোবাসার নাটকে জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ এখন অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি নিয়মিত হয়েছেন। অনেক পরিচালকই এখন মৌকে নিয়ে নাটক নির্মাণের ইচ্ছে প্রকাশ করলেও অনেকেরই সিডিউল মিলছে না। এবার পরিচালক অঞ্জন আইচ মৌ ও মাজনুন মিজানকে জুটি করে ভালোবাসা দিবসের জন্য একটি নাটক নির্মাণ করলেন। নাটকটির নাম ‘ব্লু স্কাই অথবা রাত্রির গল্প’। এতে মৌ একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তার স্বামী চরিত্রে অভিনয় করছেন মাজনুন মিজান। নাটকটি অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘গল্পটি এক কথায় অসাধারণ। আশা করি দর্শকের অনেক ভালো লাগবে।’ আসছে ভালোবাসা দিবসে নাটকটি এনটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে। ০০০ চমকে দিতে দর্শকদের চমকে দিতে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করলেন লাক্সসুন্দরী জাকিয়া বারী মম। মেজবাহ্ উদ্দিনের রচনায় ও তুহিন হোসেনের পরিচালনায় এক খণ্ডের এক নাটকের নামও ‘চমকে দিলাম’। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘এই নাটকের গল্প কিছুটা অন্য রকম। এখানে আমার চরিত্রের নাম রাত্রি। চরিত্রটি বেশ মজার। নাটকটি দেখলে দর্শকরা চমকে উঠবে বলে আমার বিশ্বাস।’ এদিকে শিহাব শাহীন পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’-এ অভিনয় করে মম বেশ আলোচনায় এসেছেন সম্প্রতি। ০০০ পুরুষের অন্দরমহলে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ইন্তেখাব দিনার এবার অভিনয় করলেন ‘পুরুষের অন্দরমহল’ নামের একটি নাটকে। আশা নাজনীনের গল্প ও মাসুম শাহারীয়ারের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন আল হুবায়ের উচ্ছল। নাটকের কাহিনী মূলত একজন পুরুষের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে দিনারের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন মৌটুসি বিশ্বাস। এই নাটকে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘এখানে আমার চরিত্রও বেশ মজার। পুরুষের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমাকে অভিনয় করতে হয়েছে। সবমিলিয়ে চরিত্রটি আমি এনজয় করেছি। ‘পুরুষের অন্দরমহল’ নাটকটি শীঘ্রই এসএ টিভিতে প্রচার হবে।’ ০০০ চলচ্চিত্র পরিচালনায় বাপ্পারাজ এবার পরিচালক হিসেবে নাম লেখালেন চিত্রনায়ক বাপ্পারাজ। রাজলক্ষ্মী টেলিফিল্মসের প্রথম ছবি ‘বেঈমান’-এর নির্দেশনা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। এই ছবিতে অভিনয় করবেন নায়ক রাজ রাজ্জাক ও সম্রাট। আর সম্রাটের বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা রিক্তা ও লাক্সতারকা প্রসূন আজাদ। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘পরিবার থেকে অনেক আগেই চাপ ছিল চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করার। কিন্তু সবমিলিয়ে কেন যেন হয়ে উঠছিল না। কিন্তু এবার একেবারে শেষ পর্যায়ে এসে আমার বাবা নায়ক রাজ রাজ্জাক, আমার ছোট দুই ভাই বাপ্পী ও সম্রাটের অনুরোধে পরিচালকের খাতায় নামটা লেখাতেই হলো। বুঝতে পারছি অনেক কঠিন একটি দায়িত্ব কাঁধে নিয়েছি। তবে আত্মবিশ্বাস আছে, ভালো কিছু করতে পারব ইনশাল্লাহ।’