দেশের গানের রিয়েলিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’

শুধুমাত্র দেশের গান নিয়ে ব্যতিক্রমী একটি রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। দেশের গান গাইতে পারেন এমন কণ্ঠশিল্পীরা অংশ নিতে পারবেন ‘ভালোবাসি বাংলাদেশ’ নামের এই শো-তে। তবে ব্যতিক্রমী এই রিয়েলিটি শোতে শুধু নতুন শিল্পীরাই নন, প্রতিষ্ঠিত বা প্রতিভাবান সকল শিল্পীরাই অংশ নিতে পারবেন। মূলত দেশের গানের এক ধরনের আর্কাইভ ও তার প্রচারে উদ্বুদ্ধ করতেই এই পরিকল্পনা করেছে চ্যানেলটি। এ প্রসঙ্গে মাছরাঙা টিভি অনুষ্ঠান প্রধান প্রখ্যাত গীতিকার কবির বকুল বলেন, ‘বাংলা ভাষার গান আর দেশমাতৃকার ঐতিহ্যগত দিক দিয়ে আমরা বিশ্বে অন্য অনেক দেশ থেকে আলাদা। এ কারণেই দেশমাতৃকার প্রতি আমাদের নিজস্ব কমিটমেন্টের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। একই সাথে যেন এই অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় গানের প্রতি একটি শ্রদ্ধা বা প্লাটফর্ম তৈরি করা যাবে। তেমনি আমরাও দেশাত্মবোধক গানের একটি বিশাল ভাণ্ডার তৈরি করতে পারব।’