যেতে চাই সুদূরে

এ সময়ের তরুণেরা দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়ে বেশ আগ্রহী। অনেক সময় দরকারি বিষয়ে পর্যাপ্ত না জানার কারণে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। উচ্চমাধ্যমিক বা এ লেভেল পরীক্ষা শেষ করেই ভালো প্রস্তুতি না নিয়ে আইইএলটিএস বা টোফেল পরীক্ষা দেওয়া কিংবা পরীক্ষার জন্য নিবন্ধন করা কখনই আশানুরূপ ফল নিয়ে আসে না। ফলে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিও হওয়া হয় না। তাই সব বিভ্রান্তি দূর করার জন্য তরুণদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যেতে চান, সেই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সুবিধা দিচ্ছে কি না; প্রতিষ্ঠানটি প্রধান শহরে নাকি শহরের বাইরে; শিক্ষাপ্রতিষ্ঠানটির আশপাশে কোনো বন্ধু বা আত্মীয় থাকে কি না; কোর্স ফি কত, তা দেওয়ার সামর্থ্য আছে কি না; বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সঙ্গে আবাসিক ব্যবস্থা আছে কি না; সেখানে থাকা-খাওয়ার খরচ বহন করতে পারবেন কি না প্রভৃতি প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে কাছে। এগুলোই মূলত বিদেশে পড়তে যাওয়ার পূর্বশর্ত। কোর্স পছন্দ করার ক্ষেত্রেও কিছু প্রশ্নের উত্তর তৈরি রাখতে হবে। ডিগ্রিটি কী ধরনের; ভর্তি হওয়ার যোগ্যতা কী এবং অন্যান্য কী কী প্রয়োজন হবে; যে বিষয় বেছে নিচ্ছেন, তা ভবিষ্যতের জন্য কতখানি কার্যকর; যে ডিগ্রি আপনি নিতে যাচ্ছেন, তা নিজের দেশে স্বীকৃত কি না এসব প্রশ্নগুলোর উত্তর সন্তোষজনক না হলে মুশকিল। আর ইংরেজি ঠিকমতো না জেনে বিদেশে গেলে পড়তে হবে নানা ঝামেলায়। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে আইইএলটিএস অনুমোদিত এবং গৃহীত। বেশকিছু ওয়েবসাইট বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করবে। এর মধ্যে রয়েছে www.educationuk.org, www.aucc.ca, myuniversity.gov.au, studzlink.com প্রভৃতি। ইন্টারনেটের সহায়তা নিয়ে বিভিন্ন দেশের দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে খোঁজ নেওয়া যেতে পারে। সঠিক তথ্য না জেনে অনেক সময় প্রতারিতও হতে হয়। তাই বিদেশে যেতে চাইলে পর্যাপ্ত খোঁজখবর নিয়েছেন কি না, সেটি নিশ্চিত হোন।