ঘূর্ণিঝড় হাইয়ানে দুই থেকে আড়াই হাজার লোক মারা গেছে :একুইনো

ফিলিপাইনের মধ্যাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানে ১০ হাজার নয়, দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো একুইনো। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি নিহতের ওই সংখ্যার কথা উল্লেখ করেন। এদিকে, ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহ তত্পরতায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকটি রণতরী এখন ফিলিপাইনের পথে রয়েছে। “দশ হাজার, আমার ধারণা, এটি অনেক বেশি। আবেগায়িত হয়েই এ ধরনের সংখ্যার কথা বলা হয়েছে,” -সিএনএনকে বলেন একুইনো। তার সরকার ঘূর্ণিঝড় দুর্গত এলাকাগুলো থেকে এখনও তথ্য সংগ্রহ করছে জানিয়ে তিনি বলেন, “বাকি ২৯টি পৌরসভার সঙ্গে যোগাযোগের আশা করছি আমরা, যাদের পরিসংখ্যানগুলোও বের করতে হবে, বিশেষভাবে নিখোঁজদের। তবে এ পর্যন্ত আমাদের হিসেবে নিহতের সংখ্যা দুই থেকে আড়াই হাজারের মতো।” তবে এ সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে মন্তব্য করেন তিনি। হাইয়ানের তাণ্ডবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৪ জন। শুক্রবার ভোরে আঘাত হানা এই ঝড়টি ফিলিপাইনের মধ্যবর্তী অঞ্চল দুমড়ে-মুচড়ে দিয়ে বেরিয়ে গেছে। এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির উপকূলীয় প্রদেশ লেইতির প্রধান শহর ট্যাকলোবান মাটির সঙ্গে মিশে গেছে। এখানে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করেছেন।