ভোলার ঐতিহ্য সুস্বাদু চাঁপা মোয়া

শীতের আগমনের সঙ্গে সঙ্গে ভোলার বাজারগুলোতে শীতের ঐতিহ্যবাহী খাদ্য চাঁপা মোয়ার পসরা সাজিয়ে বসেছেন অনেক দোকানী। খেতে সুস্বাদু ও ভিন্নভাবে প্রস্তুত চাঁপা মোয়া ভোলার মানুষের কাছে যথেষ্ট সমাদৃত। বাজারে বিক্রিও হচ্ছে প্রচুর। মোয়া সাধারণত গোলাকার হয়ে থাকে। কিন্তু চাঁপা মোয়ার আকার সমপূর্ণ আলাদা । ভোলার চক বাজারে চাঁপা মোয়া বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এ মোয়া তৈরিতে তারা বিভিন্ন মসলা ও সামান্য ঘি ব্যবহার করেন। বড় একটি সাজিতে মোয়া এবং গুড় মেখে তাতে মসলা এবং জিরা দিয়ে মণ্ড তৈরি করেন। তার উপরে ছিটিয়ে দেন ঘি। গুড় ও মুড়ির মণ্ডটি শক্ত হয়ে গেলে বাটালী দিয়ে কেটে দোকানে এনে কেজি হিসেবে খণ্ড খণ্ড করে কেটে বিক্রি করা হয়। বর্তমানে প্রতি কেজি মোয়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। ভিন্নধর্মী এ চাঁপা মোয়া মূলত ভোলায় তৈরি হলেও বর্তমানে বরিশালসহ কয়েকটি জেলাতেও এই মোয়া তৈরি হচ্ছে। চাঁপা মোয়া বিক্রেতারা জানান, স্বল্প পুঁজিতে এ ব্যবসা করে তারা বেশ লাভবান হচ্ছেন। বিকালের নাস্তায় ও আড্ডায় চাঁপা মোয়ার যথেষ্ট কদর।