রাজশাহীতে পিএসসি পরীক্ষার্থী কমেছে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০০
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর (পিএসসি) পরীক্ষায় এবার রাজশাহী বিভাগে শিক্ষার্থী কমেছে। এই বিভাগে ৮ জেলায় মোট পরীক্ষার্থী ৩ লাখ ১৮ হাজার ৪৯১ জন। এর মধ্যে বাংলা মাধ্যমে ৩ লাখ ১৮ হাজার ১১৮ এবং ইংরেজি মাধ্যমে ৩৭৩ জন পরীক্ষার্থী রয়েছে।
সূত্রমতে, গতবছর রাজশাহী বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৩২ হাজার ৪৪২ জন। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৯৫১ জন। গতবার রাজশাহী বিভাগে পাসের হার ছিল ৯৭.০৬ ভাগ।
বিভাগের আট জেলার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার রাজশাহী জেলা থেকে ৪৪ হাজার ৯৯১ জন, নাটোরে ২৯ হাজার ৪৩৮, চাঁপাইনবাবগঞ্জে ৩১ হাজার ১৮৩, নওগাঁয় ৪১ হাজার ৮২৬, পাবনায় ৪৭ হাজার ১৫৬, সিরাজগঞ্জে ৫৬ হাজার ৫৬৭, বগুড়ায় ৫৩ হাজার ৫২৬ এবং জয়পুরহাটে ১৩ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এদিকে, ইবতেদায়ীতে রাজশাহীর ৪ হাজার ৮২৪ জন, নাটোরে ২ হাজার ৬৩১, চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ১৫১, নওগাঁয় ৫ হাজার ২৯২, পাবনায় ৫ হাজার ৪০৮, সিরাজগঞ্জে ৫ হাজার ৯৬২, বগুড়ায় ৮ হাজার ৬৫১ এবং জয়পুরহাটে ৩ হাজার ৬৩ জন পরীক্ষার্থী রয়েছে।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সৈয়দ নাজিম উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে রাজশাহী বিভাগে এবার পরীক্ষার্থী কমার কারণ হচ্ছে- অনেক পরীক্ষার্থী একটি প্রাথমিক স্কুলে রেজিস্ট্রেশনের পাশাপাশি আনন্দ স্কুল, ব্র্যাক স্কুল ও ইউসেপ-এ ভর্তি হয়; কিন্তু তারা পরীক্ষা দেয়ার সুযোগ পায় এক স্কুল থেকেই। ফলে স্বাভাকিভাবেই পরীক্ষার্থী কমে যায়।