বাঘাইছড়িতে সাজেক
থানার উদ্বোধন
রাঙ্গামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০০
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবার বিকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে নতুন থানার উদ্বোধন করেন। সাজেক থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে সেনাবাহিনী প্রত্যাহার করে বেসামরিক প্রশাসন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে সাজেক থানা স্থাপন করা হয়েছে। এই থানার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশী কার্যক্রমে সকলকে সহযোগিতা করার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী সমতলে ফিরে যাবে। পাহাড়ে সন্ত্রাস যতদিন অব্যাহত থাকবে শান্তি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, র্যাবের উপ-পরিচালক ফরিদ আহম্মেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি। অনুষ্ঠানে বাঘাইহাট জোন কমান্ডার ও বিজিবি কমান্ডার উপস্থিত ছিলেন।