বিমান বন্দরের নিরাপত্তায়
আর্মড পুলিশ কমান্ডিং
অফিসারের সাফল্য
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসাবে মো. আব্দুল্লাহ আরেফ পিপিএম যোগদান করার পর থেকে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিমান বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গার্ডিং, চেকিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। যাত্রী হয়রানি অনেক কমে গেছে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন তল্লাশী, অনাকাঙ্ক্ষিত হকার, ভিক্ষুক, টোকাই ও দালাল দমনে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দশম গোয়েন্দা সমন্বয় সভায় সিদ্ধান্ত মোতাবেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণের স্বল্পতম সময়ের মধ্যে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি অর্জনে সক্ষম হয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
২০১০ সাল থেকে বিমান বন্দরের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার হিসাবে মো. আব্দুল্লাহ আরেফ পিপিএম যোগদান করেন গত ২৩ এপ্রিল। তিনি বিমান বন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নানা কৌশল অবলম্বন করেন। এ কৌশলে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জিত হয়।
চোরাচালান, মানব পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের মাধ্যমে পুলিশের এ নতুন ইউনিটটি সর্বমহলের প্রশংসা ও আস্থা অর্জন করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ইন্টেলিজেন্স সদস্যরা বিমান বন্দরে যে কোন নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করেন। যা নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে কর্মকর্তারা জানান।