সঙ্কট নিরসনে রাষ্ট্রপতিকে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, জাতীয় সঙ্কট নিরসনে দেশের অভিভাবক হিসাবে রাষ্ট্রপতিকে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সময় এসেছে। মন্ত্রিপরিষদ সদস্যরা পদত্যাগ করার পর তাদের পদত্যাগ গৃহীত হয়ে গেছে, যদিও তারা পদত্যাগ নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে পীরসাহেব এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশ রসাতলে চলে যাবে, যা জাতির জন্য হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীও পদত্যাগ করে জাতিকে দুর্ভোগ থেকে রক্ষা করবেন বলে আমাদের বিশ্বাস। পীরসাহেব চরমোনাই বলেন, একতরফা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা হলে দেশ ও জাতির মঙ্গল হবে।