কিশোরীগঞ্জে আগাম আলু চাষের ধুম
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০১
আগাম জাতের ধান ঘরে তুলে এখন আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী কিশোরীগঞ্জের আলু চাষীরা। আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ায় বরাবরের মতো এবারও আগাম জাতের ধান ঘরে তুলে এখন মহাব্যস্ত আগাম আলুর পরিচর্যায়। আগাম জাতের আলু চাষ করে একদিকে কৃষক যেমন ভালো দামের আশা করছেন তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। কিছুদিন আগে আগাম জাতের ধান ব্রি ধান ঘরে তুলেছেন কৃষক। সেই জমিতে এখন আগাম আলুর বীজ বুনছেন, কেউবা আলুর বীজ লাগিয়ে বিক্রির জন্য তুলছেন। গত বছরের ভালো ফলন তাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তুলনামূলক কম সময় লাগে বলে এ আলু চাষে কৃষকের আগ্রহ বেশি বলে জানিয়েছেন তারা। সেপ্টেম্বর শেষ বা অক্টোবরের শুরুতেই আলু জমিতে লাগিয়েছেন কৃষক। নভেম্বর বা ডিসেম্বরের শুরুতেই এ আলু বাজারে উঠবে বলে আশা করছেন চাষি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, এবার জেলায় ২০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহসীন রেজা রুপম বলেন, জেলার মধ্যে কিশোরীগঞ্জে আগাম আলুর চাষ হয় বেশি। আগাম আলু ঘরে তুলে সরিষা বা দ্বিতীয় ও তৃতীয়বারের মতো আলু চাষ করছেন কৃষক।