হাসপাতাল ভবনের নির্মাণ কাজ আট বছর বন্ধ

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের অসমাপ্ত তিনটি ভবন নির্মাণের কাজ ৮ বছর যাবত্ বন্ধ থাকায় হাসপাতালের যাবতীয় কাজকর্মে সমস্যার সৃষ্টি হচ্ছে। ২০০৫ সালে জোট সরকারের আমলে ১০০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা আধুনিক হাসপাতালের নতুন কয়েকটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরমধ্যে মাত্র একটি ভবন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু বাকি তিনটি ভবন নির্মাণের কাজ আজও শেষ হয়নি। ১৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির এ হাসপাতাল পরিদর্শনকালে অসমাপ্ত ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু গত তিন বছরেও কোন কাজই হয়নি। নেত্রকোনার সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন স্বপন জানান, তিনি হাসপাতালের যাবতীয় সমস্যার চিত্র তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বার বার চিঠিপত্র দিলেও তেমন কোন সারা পাননি। ভবন নির্মিত না হওয়ায় চিকিত্সক ও রোগীরা নানা দুর্ভোগে রয়েছেন।