স্বরূপকাঠিতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৮
স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠির বালিবাড়ি খাল থেকে নিখোঁজের দুইদিন পর গতকাল বুধবার হালিমা (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, তার মেয়ে উপজেলার নান্দুহার গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশুনা করত। গত সোমবার হালিমা খালার বাড়ি থেকে কলেজে গিয়ে আর ফেরেনি। ঐদিন রাতে হালিমার ব্যবহূত মোবাইল ফোন থেকে এক আত্মীয়ের মোবাইলে একটি ম্যাসেজ আসে। যাতে লেখা রয়েছে খালাতো বোন সুমনার ফুফাত ভাই ও তার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেছে পারলে বাঁচান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে বুধবার দুপুরে হালিমার খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফজিলা রহমান মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে কলেজের সামনে মানববন্ধন করেন।