সংবাদ সংক্ষেপ

ধুনটে ভুল চিকিত্সায় নবজাতকের মৃত্যু ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে অনুমোদনবিহীন লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল অপারেশনে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার লোকজন ক্লিনিকটি তালাবদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্লিনিকের কোন অনুমোদন না থাকায় এবং অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী গ্রামের দিনমজুর নিদারুন সাহার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কৃষ্ণ রানীর প্রসব ব্যথা উঠলে গত সোমবার ধুনট সদরের হাসপাতাল রোডে অবস্থিত লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। সেখানে লোকমান হোসেন জুয়েল নামের এক ডাক্তার ৯ মাসের ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে সোমবার বিকালে অপারেশন করে। মঙ্গলবার সকাল ৮টায় নবজাতক ছেলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবর শুনে ডাক্তার লোকমান হোসেন তাত্ক্ষণিকভাবে ক্লিনিক থেকে বের হয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। কুষ্টিয়ায় সাবেক এমপির মতবিনিময় কুষ্টিয়া প্রতিনিধি\ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোট-ভাত,ধর্ম ও স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নীল নকশার নির্বাচন করার পাঁয়তারা ও অপচেষ্টা করছে। চলমান সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা। তিনি গতকাল বুধবার দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ফরিদপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। গত মঙ্গলবার সভায় নবাগত জেলা প্রশাসকসহ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. রেশাদুল হাকীমসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। ব্রাহ্মন্দী যুবদলের আহবায়ক কমিটি গঠন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে গত মঙ্গলবার। মাহবুবুর রহমানকে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটি অনুমোদন দেন আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাভলু। রূপগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে গত মঙ্গলবার ১৩টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও আর্থিক সহায়তা প্রদান করেন তারাব পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন, মহিলা কাউন্সিলর জোসনা বেগম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড.এম আনোয়ার, ইঞ্জিনিয়ার তুষার, জাকির হোসেন প্রমুখ। স্বরূপকাঠিতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো: বাবুল হাওলাদার (৩৬), মিজান (২৫) ও আব্দুল লতিফ (৪৫)। তাদের বাড়ি বাগেরহাটের শরনখোলার খোন্দাকাটা গ্রামে। নেছারাবাদ থানা-পুলিশের এসআই রঞ্জন কুমার গাইনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে উপজেলার জলাবাড়ীর নাপিতখালী ব্রিজ এলাকা থেকে ঐ তিন ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানায় ২০/২২ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত মঙ্গলবার গ্রেফতারকৃতদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পূর্বধলায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গত মঙ্গলবার পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে ‘বিদ্যুত্ অপচয় রোধ করি- আলোকিত বাংলাদেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ ২০১৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কন্ডু রায়, পূর্বধলা পল্লী বিদ্যুত্ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইসি মহিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান ইসলামউদ্দিন সরকার, আলী হায়দার মানিক প্রমুখ। মহেশপুরে জামায়াত-বিএনপির ৩ নেতা আটক মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ হরতালের ৩য় দিনে নাশকতার অভিযোগে মহেশপুরে জামায়াত বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। জানা যায়, এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম(৪৫), মহেশপুর পৌর জামায়াতের কর্মী হযরত আলী(৩০) এবং কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ছাত্র শিবিরের জাহিদুল ইসলামকে(২৯) আটক করে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, তারা হরতালে নাশকতার পরিকল্পনা করছিল। মিঠাপুকুরে শিশুদের রক্তের গ্রুপ ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে পায়রাবন্দ এএমইউএস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষা ও মায়েদের প্রজনন স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রংপুর এফপিএবি’র সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলওয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাসরিন দিলারা আফরোজ পল্লবী, ইউপি সদস্যা শারীরিক প্রতিবন্ধী মাজেদা বেগম ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ। মধুখালীতে আশার চিকিত্সা সহায়তা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলা অঞ্চলের কামারখালী ২ শাখার সদস্যাদের মধ্যে চিকিত্সা সহায়তার চেক প্রদান করা হয়। সদস্যা তানজিলা, বেবী, কমলা ও হোসনেআরাকে ১৫০০ টাকা করে মোট ৬০০০ টাকার সিজারিয়ান চিকিত্সা সহায়তার চেক দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে সদস্যাদের হাতে চেক প্রদান করেন ফরিদপুর (বোয়ালমারী) সাংগঠনিক জেলার ডিএম মোঃ বাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী আশার সাবেক কর্মকর্তা বদিউজ্জামান বাবলুসহ আশার বোয়ালমারীর আরএম। ময়মনসিংহে আইনজীবীদের হরতাল বিরোধী মিছিল ময়মনসিংহ প্রতিনিধি \ মঙ্গলবার ময়মনসিংহে হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যে বিরোধী মিছিল করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। মিছিলে নেতৃত্ব দেন এডভোকেট কবির উদ্দিন ভূইয়া, এডভোকেট ফজলুল হক, এডভোকেট বিকাশ রায়, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট নুরুজ্জামান খোকন, এডভোকেট বিমল কান্তিসহ অর্ধশত আইনজীবী। তারা দ্রুত যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের দাবি জানায়। মেহেরপুরের মুজিবুর জেলার শ্রেষ্ঠ খামারি মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর জেলার শ্রেষ্ঠ খামারি হিসেবে প্রধানমন্ত্রীর নিকট থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করেছেন মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার বাসিন্দা মুজিবুর রহমান। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ খামারি নির্বাচিত হওয়ায় তিনি ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিএনপি নেতার মুক্তি দাবিতে চাটমোহরে বিক্ষোভ চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহী মসজিদ মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান। গৌরনদীর গৈলা হাসপাতালে ডাক্তার সংকট গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের আগৈলঝাড়ার গৈলা হাসপাতালে চিকিত্স্যক স্বল্পতার কারণে রোগীরা চিকিত্স্যা সেবা পাচ্ছে না। ৫০ শয্যার এ হাসপাতালে ২১ জন চিকিত্স্যকের পদ থাকলেও চিকিত্স্যক আছে মাত্র ৮ জন। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালটিতে ডাক্তারদের ২১টি পদ রয়েছে, এর মধ্যে ১৩টি পদ শূন্য রয়েছে। টেকেরহাটে ১৭ বস্তা পলিথিন উদ্ধার টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুর ডিবি পুলিশ গতকাল বুধবার টেকেরহাট বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৪টি দোকান থেকে ১৭ বস্তা অবৈধ পলিথিন উদ্ধার করে এবং পলিথিন ব্যবসায়ী জাফর মিয়াকে গ্রেফতার করে। এসময় অন্য তিন পলিথিন ব্যবসায়ী পালিয়ে যায়। মাদারীপুর ডিবি পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এ বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। কাজীপুরে বাল্যবিবাহ রোধে কর্মশালা কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বুধবার কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়ন পরিষদ চত্বরে কিশোর-কিশোরী ক্লাব আয়োজনে ‘ইউনিয়নের আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ রোধ ও শিক্ষার উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেহানা খাতুন, পিআইও আব্দুল কালাম আজাদ। পল্লী সঞ্চয়ী ব্যাংক ঘোষণা করায় সদরপুরে আনন্দ র্যালি সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলায় বিআরডিবি-এর আওতাধীন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগী দরিদ্র সদস্যদের পক্ষ থেকে পল্লী সঞ্চয়ী ব্যাংক ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় এবং গতকাল বুধবার একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার ফকির প্রমুখ। বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অর্ধবার্ষিকী কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল বুধবার। এতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ব্রেভ সদস্য, কাজী, ঘটক ও ইমাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন সরকার। নাগরপুরে ২ দিনের তাফসিরুল কোরআন মাহফিল নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে সরিষাজানী ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আগামী শুক্রবার থেকে ২ দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হইবে। এতে প্রথম দিন প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট শিল্পপতি মোঃ আরিফুল ইসলাম, দ্বিতীয় দিন অগ্নিবীনা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর দেলোয়ার হোসেন (দেলু)। সভাপতিত্ব করবেন, সরিষাজানী ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মিয়া। কালকিনিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সাথে কালকিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জাামন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী প্রমুখ। গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা \ একটি বাড়ি একটি খামার প্রকল্পকে পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, প্রকল্পের সমন্বয়কারী মাহমুদা আইরিন প্রমুখ। গৌরীপুর ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে চক্ষু শিবির গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে ৫শ’ রোগীর চক্ষু পরিচর্যা, ফ্যাকো সার্জারির মাধ্যমে ল্যান্স সংযোজন ও সেলাইবিহীন ছানি অপারেশনের উদ্যোগ নেয়া হয়েছে। যাকাতের টাকায় এ চক্ষু শিবির পরিচালিত হয়ে থাকে। এ হাসপাতালে প্রতি তিন মাস পর পর স্বল্পমূল্যে ১শ’ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের ব্যবস্থা করেছেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ একে এম মুকতাদির। আলফাডাঙ্গায় এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় আলফাডাঙ্গা ( ফরিদপুর ) সংবাদদাতা \ আলফাডাঙ্গা উপজেলার প্রায় সকল স্কুলেই এবারের এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও অন্যান্য খরচ নিয়ে ১১শ’ টাকা নির্ধারণ করে। কিন্তু এ নির্দেশ কোন স্কুল না মেনে নিজেদের ইচ্ছেমত ফরম পূরণের নামে দ্বিগুণের বেশি টাকা আদায় করছে। উপজেলার প্রায় সকল স্কুলে শিক্ষার্থী প্রতি ২৫শ’ থেকে সাড়ে ৩ হাজার টাকা আদায় করছে। এ বিষয়ে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বলেন, বকেয়া বেতন, সেশন চার্জ, মিলাদ ও অন্যান্য খরচসহ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের জানান, ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এসএসসি ফরম পূরণে ঝিনাইগাতীতে অতিরিক্ত ফি ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্তহারে ফি আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ:নিয়ম অনুযায়ী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতি বিষয়ে সরকারিভাবে ৬৫ টাকা করে বোর্ড ফিসহ মোট ১২৫০ টাকা নির্ধারণ করা থাকলেও এ উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে তা মানা হচ্ছে না। এখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোচিং ফিসহ নানা অজুহাত দেখিয়ে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এতে দরিদ্র ছাত্রছাত্রীদের এত টাকা দিয়ে ফরম পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। ঝিনাইগাতী উপজেলায় ১৯টি উচ্চ বিদ্যালয় ও ১৩টি দাখিল মাদ্রাসা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আদায় করা হচ্ছে অতিরিক্ত ফি। অভিযোগে প্রকাশ, প্রতিবছর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সিন্ডিকেট তৈরি করে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম ওবায়েদা আলী বলেন, প্রতি ছাত্রছাত্রীর কাছে ফরম পূরণে ১২৫০ টাকা হারে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মতলবে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ জেএসসি পরীক্ষার্থী দিপালী আক্তারের (১৪) মঙ্গলবার বিয়ে হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল অভিভাবকরা। বরযাত্রী কনের বাড়ি পৌঁছার আগে বাধ সাধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়েটি হতে পারেনি। কনের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা জরিমানা ও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দিপালীর বিয়ে দিবে না বলে মুচলেকা দেন। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে। ইমামপুর গ্রামের দুবাই প্রবাসী হারুন মোল্লা জেএসসি পরীক্ষার্থী মেয়ে দিপালী আক্তারের সাথে ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি গ্রামের ইলিয়াছ বেপারীর প্রবাসী ছেলে সোলাইমানের বিয়ে হওয়ার কথা ছিল। ইউএনও একেএম মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ সমাজকে কলুষিত করে ফেলেছে। জনপ্রতিনিধিদের এ বিষয়ে আগ্রহী হতে হবে। কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ কালিয়াকৈর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পৌর শাখার কমিটি গঠনকল্পে গত মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে সর্বসম্মতি ক্রমে আবুবকর সিদ্দিককে আহবায়ক, শহিদুর রহমান, নজরুল ইসলাম, ডাঃ বাবুল আলরেজা ও আশরাফুল আলমকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় । আঃ আজিজ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, নাহিদুর রহমান নাহিদ প্রমুখ। রাজাপুরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজের কৃতী শিক্ষার্থীদের যৌথভাবে সম্মাননা প্রদান করেছে স্থানীয় অনলাইন সেবা প্রতিষ্ঠান গ্লোবাল নেট ও কলেজ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সম্মাননা অনুষ্ঠানে গ্লোবাল নেটের পরিচালক মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মনিরউজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজী ও কলেজ উপাধ্যক্ষ গাজী জসিমউদ্দীন। চৌমুহনীতে আওয়ামী লীগ নেতার পক্ষে শো-ডাউন চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা\ গত মঙ্গলবার চৌমুহনী শহরে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করা হয়। আওয়ামী লীগের বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার নেতাকর্মীরা এতে অংশ নেয়। সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মামুনুর রশিদ কিরণ বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন এবং বেগমগঞ্জবাসী নির্বাচিত করেন তাহলে এলাকায় দুর্নীতি, সন্ত্রাস দূর করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবেন। এসএসসি পরীক্ষার্থীকে সিন্দুকছড়ি জোনের অনুদান মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা\ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিঃ আর্টিলারী সিন্দুকছড়ি জোন গত মঙ্গলবার গরীব ও মেধাবী ছাত্রী (এসএসসি পরীক্ষার্থী) মোছাঃ সুমাইয়া আক্তার, পিতা- মৃত. মোখলেছুর রহমানকে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন। পিতৃহারা ছাত্রীটি অভাব-অনটনের মধ্যেও লেখাপড়া বন্ধ করেনি। তার মনোবল দেখে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে গুইমারা সাবজোন অধিনায়ক মেজর মো. আমিন এই আর্থিক অনুদান প্রদান করেন। আবৃত্তিতে দেশসেরা জীবননগরের সুমাইয়া জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ বিশ্ব পর্যটন দিবসে রচনা লিখে দেশসেরার খেতাব অর্জনকারী জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী সুমাইয়া বিনতে হাকিম এবার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে দেশসেরার খেতাব অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে সুমাইয়া বিনতে হাকিমের প্রথম স্থান অধিকারের সনদপত্র তুলে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রতিনিধিদের কর্মশালা গাজীপুর প্রতিনিধি\ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে অনার্স অধিভুক্ত কলেজসমূহের প্রতিনিধিদের নিয়ে ১৫ নভেম্বর রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ এবং ১৬ নভেম্বর ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের সকাল ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দু’দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালার উদ্বোধন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। আদিতমারীতে সরিষা চাষের উপর প্রশিক্ষণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় জমি তৈরি, সার, সেচ ব্যবস্থাপনা ও বালাইনাশক বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বুধবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড়কমলাবাড়ি ও ভেটেশ্বর ব্লকের কৃষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এবছর উপজেলায় ৭০ একর জমিতে বারী সরিষা-৯ জাতের চাষাবাদ করা হবে। মান্দায় বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর মান্দায় মঙ্গলবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে হরতাল চলাকালে পিকেটারদের মোটর সাইকেল ভাংচুরের কারণে আব্দুর রাজ্জাক (দুদু) বাদী হয়ে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীসহ ১৪ জনের নাম উল্লে¬খ করে অজ্ঞাতনামা আরও ১০জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মান্দা থানায় রাতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। মতলবে আট এসএসসি পরীক্ষার্থীকে অনুদান মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা\ মতলব উত্তরের স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও নিজস্ব অর্থায়নে ছেংগাচর মডেল উচ্চ বিদ্যালয়ে আট গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করানো হয়। সংগঠনের সভাপতি একেএম রিয়াজ উদ্দিন গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীর ফরম পূরণে সম্পূর্ণ অর্থ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেনজীর আহমেদ এর নিকট প্রদান করেন। দিনাজপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল বুধবার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজা প্রাপ্ত যুবকের নাম ফারুক হোসেন জীবন (৩৬)। সে সদর উপজেলার মাহুদপাড়া গ্রামের তোরাব আলী কাওসারের বখাটে ছেলে। ফারুক হোসেন জীবন প্রায় সময় এলাকার স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করতো। বুধবার সেন্টফিলিপস হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাড়ির সামনে এলাকাবাসী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এহেতেশাম রেজা তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।