‘সর্বকালের সেরা শচিন’
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২০
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা মনে করেন, শচিন টেন্ডুলকার সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
লারা বলেন, ‘টেন্ডুলকারের ক্রিকেট ক্যারিয়ার যে কোনো ক্রিকেটারের থেকে শ্রেষ্ঠ।’ সর্বকালের অন্যতম সেরা টেন্ডুলকার এর আগে ১৯৯টি টেস্ট খেলে ১৫ হাজার ৮৪৭ রান সংগ্রহ করেছেন। আর ৪৬৩টি ওয়ানডে খেলে ভারতের ক্রিকেট ঈশ্বরের রান সংখ্যা ১৮ হাজার ৪২৬। টেস্টে ৪৪ বছর বয়স্ক লারা এবং শচিনের রানের গড় সমান ৫৩ করে। তবে এই ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস মাত্র ১৩১টি টেস্ট খেলে ১১ হাজার ৯৫৩ রান সংগ্রহ করেন। জাতীয় দলের হয়ে শচিনের অভিষেক ঘটে মাত্র ১৬ বছর বয়সে।
আজ শচিন ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত ২০০তম টেস্ট খেলতে মাঠে নামবেন। এই টেস্ট দেখার জন্য ভারতে অবস্থান করছেন লারা। এই ক্যারিবীয় শচিনের প্রশংসা করে বলেন, ‘সে ক্রিকেটে যা করেছে তা অবিশ্বাস্য।’ শচিনের ক্যারিয়ারের পরিসংখ্যানের কথা টেনে লারা বলেন, ‘পরিসংখ্যানই তার কথা বলবে। আমার মনে হয় না মাত্র ১৬ বছর বয়সে কোনো ক্রিকেটারের অভিষেকের পর ৪০ বছর বয়সে এসে বহু অর্জন নিয়ে অবসর নেবেন।’