নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়ার কারণ কি?
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২২
বিমানের নিউইয়র্ক ফ্লাইট কেন চালু করা যায়নি তা চিহ্নিত ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বুধবার জাতীয় সংসদ ভবনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটি এখন পর্যন্ত কি কারণে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু করা হয়নি তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার কথা বলেছে। তাছাড়া নিউইয়র্ক ফ্লাইট চালু করার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটি সনাক্তকরণ এবং সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সার্বিক বিষয়ে কমিটির সামনে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিমানকে আগের অবস্থান থেকে আরো ভাল অবস্থানে পৌঁছে দেয়ার জন্য গুরুত্বারোপ করা হয়। সে সাথে একে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা দ্রুত করার সুপারিশ করা হয়। কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, সিভিল এভিয়েশন এবং পর্যটন করপোরেশনকে বাণিজ্যিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুপারিশ করেছে।
এর আগে কমিটির সামনে পর্যটন করপোরেশন ও সিভিল এভিয়েশনের সার্বিক বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। দু’টি প্রতিবেদন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। সিভিল এভিয়েশনের যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা দক্ষতা ও সফলতার সাথে সম্পন্ন করার সুপারিশ করা হয়। অনেক সম্ভাবনার খাত পর্যটনকে সঠিক ও দক্ষভাবে পরিচালনা করে এ খাত থেকে বেশি লাভ করা এবং বিদ্যমান পর্যটন এলাকাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি দেশের সকল পর্যটন এলাকা পর্যটকদের নিকট যাতে নিরাপদ মনে হয় তার নিশ্চয়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল (অব.) ফারুক খান, মইন উদ্দীন খান বাদল এবং মোসাম্মত্ শেফালী মমতাজ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।