৩য় শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান প্রসঙ্গে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:৩৭
সরকারি অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা সিলেকশন গ্রেড পায় না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন শাখার ২৩/১১/১৯৮৩ তারিখের MFP/FD(Imp)-IV/U(G)-2/83/198 নম্বর স্মারকে কেবলমাত্র স্টেনোগ্রাফার, টাইপিস্ট, সেকশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ) ইত্যাদি পদে কর্মরত এক-তৃতীয়াংশ কর্মচারীকে সিলেকশন গ্রেড প্রদানের বিধান রয়েছে। কিন্তু সরকারি বিভিন্ন অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত অফিসে একই স্কেলভুক্ত আরো কিছু পদ যেমন রেজিস্ট্রেশন সহকারী, সংরক্ষণ সহকারী, যানবাহন পরিদর্শক, কেয়ারটেকার, অভ্যর্থনাকারী, বিক্রয়সহকারী, কার্যসহকারী, ফটোগ্রাফার, মার্কসম্যান, মডেলার, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার আছে। এসব পদের কর্মচারীকে সিলেকশন গ্রেড দেয়া হয় না। এদের অধিকাংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অনেকেই ২০/২৫ বছর ধরে একই পদে কর্মরত। অন্যদিকে ২০০৯ সালের জাতীয় বেতন স্কেলের গেজেটে ২য় শ্রেণির কর্মকর্তাদের ৪ বছর চাকরি পূর্তিতে ১০০% কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দেয়া হয়েছে। অতএব সরকারের কাছে আকুল আবেদন এই যে, আগামী জাতীয় পে-কমিশন গেজেটে সরকারি সকল অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত অফিসের ৩য় শ্রেণির সকল পদের কর্মচারীদের ২য় শ্রেণির কর্মকর্তাদের মতো ৪ বছর চাকরি পূর্তিতে সিলেকশন গ্রেড প্রদানের ব্যবস্থা করুন।
জহিরুল হক, মিরপুর, ঢাকা ১২১৬