জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার। তফসিল অনুযায়ী ২ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ নিয়ে তৈরি হয়েছে শংকা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম শাহনাওয়াজ ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে তফসিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র বিতরণ ১৯ নভেম্বর, মনোনয়ন জমা ২৬ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর। এদিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ বছরের ভর্তি পরীক্ষায় মোট আবেদনপত্র জমা পড়েছে ৪ লাখ ৪৪ হাজার ৩৩০টি। মোট দুই হাজার আসনের বিপরীতে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০২ শিক্ষার্থী। জাকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন ভর্তি পরীক্ষার পাশাপাশি হওয়ায় এটি নিয়ে তৈরি হয়েছে শংকা। সাংবাদিক সম্মেলনে পরিষ্কার হয়নি কারা এ নির্বাচনে প্রার্থী হবেন। তবে সম্মেলনে জানানো হয়, প্রশাসনের কাছে একটি নোট পাঠানো হয়েছে। সেটি পেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন হবে যেসব পদে: সহ-সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ১ জন, কমনরুম সম্পাদক ১ জন, মহিলা কমনরুম সম্পাদিকা ১ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, সাহিত্য সম্পাদক ১ জন, সামাজিক চিত্তবিনোদন সম্পাদক ১ জন, নাট্য সম্পাদক ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, সহ-ক্রীড়া সম্পাদক ১ জন এবং কার্যকরী পরিষদের সদস্য ৫ জন। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভর্তি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব মোহাম্মদ আলী জানান, ভর্তি পরীক্ষা যদিও জাকসুর সাথে সম্পর্কিত নয়। তারপরও সার্বিক ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে।