লালমনিরহাটে পিকেটাররা পিন খোলায় ট্রেন লাইনচ্যুত

হরতালের শেষ দিন গতকাল বুধবার ভোর রাতে জেলার কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী রেলওয়ে লাইনের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার-কাকিনা রেল স্টেশনের মাঝামাঝি টেপাটারী আদর্শপাড়া গ্রামের বিদ্দল বিল এলাকায় পিকেটাররা প্রায় ৪২ ফুট রেললাইনের পিন খুলে রাখে। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকাগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ট্রেনের চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় হাজার হাজার যাত্রী অবর্ণনীয় পরিস্থিতিতে পড়েছে। এদিকে এ ঘটনায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই লাইনে গতকাল ভোর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে একটি রেলওয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করছে। এক পর্যায়ে ক্রেনে ক্রুটি দেখা দিলে তা মেরামত করে আবারও উদ্ধার কাজ শুরু করা হয়। রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, রেল লাইনের আশে পাশের মাটি নরম থাকায় ও ক্রেন বিকল হওয়ায় উদ্ধার কাজ সাময়িক বিলম্ব হচ্ছে। তাছাড়া দুর্ঘটনাস্থলে বিদ্যুত্ না থাকায় নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুত্ সরবরাহের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। তিনি আরো বলেন, সারা রাত ধরে উদ্ধার কাজ চালালে তবেই বৃহস্পতিবার সকাল থেকে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। স্থানীয়দের ধারণা, তুষভান্ডার বাজারে ১৮ দলের পিকেটাররা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এদিকে ঘটনার পর থেকে ওই এলাকার ১৮ দলীয় নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছে। এই নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে সুরুজ ও সুজন নামে ২ যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ওসি আমিরুজ্জামান বলেন, হরতালের কারণে পিকেটাররা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় মামলা হয়েছে।