সংশোধিত দুদক আইন নিয়ে জাপান ও জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৩
সংশোধিত দুর্নীতি দমন কমিশন আইন ২০১৩ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাধোশিমা ও জার্মানির রাষ্ট্রদূত ড. অ্যালব্রেখট কোনজ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও দুই কমিশনারের সঙ্গে বৈঠকে তারা এ উদ্বেগের কথা জানিয়েছেন।
বৈঠক শেষে জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনজ বলেন, দুর্নীতি দমন কমিশন বেশ কিছু দিন ধরে স্বাধীনভাবে কাজ করে আসছে। এ বিল পাসের কারণে দুদক পূর্বের ন্যায় স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না সে বিষয়ে আমরা উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সংবিধানে আছে রাষ্ট্রের সব নাগরিকই সমান। কিন্তু পাস হওয়া এ বিল দেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে কমিশনের সিদ্ধান্ত আমরা জেনেছি। এ সময় বিলটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্টদের তিনি দৃষ্টি আকর্ষণ করেন।
এ দিকে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতরা এসেছিলেন। তারা দুদক আইনের সংশোধনী নিয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের বিষয়টি অবহিত করেছি। উল্লেখ্য, দুদক আইনের এই সংশোধনীর মাধ্যমে সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না—এমন বিধান আনা হয়েছে।