চট্টগ্রামে রবিবার হরতাল ডেকেছে বিএনপি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৩
যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাশেম বক্করকে গ্রেফতারের প্রতিবাদে আগামী রবিবার চট্টগ্রাম মহানগরীতে পূর্ণদিবস হরতাল ডেকেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য,আবুল হাশেম বক্করকে গতকাল সকালে নগরীর এনায়েত বাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর হাকিম মো. সোলায়মানের আদালতে প্রেরণ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজ বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করে বক্করকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, বক্করকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল দুপুরে নাসিমন ভবনের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি। এতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুলিশের চাকরি করেও যারা দলীয় কর্মীর মত আচরণ করছে, আমরা তাদের তালিকা তৈরি করছি। যথাসময়ে এসব পোশাকধারী দলীয় কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে বক্করের মুক্তি দাবি করেন। অন্যথায় চট্টগ্রাম থেকে আন্দোলনের স্বতন্ত্র কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
হরতাল প্রত্যাহারের আহ্বান চবি কর্তৃপক্ষের
চবি সংবাদদাতা জানান, ১ম বর্ষ (সম্মান) বিবিএ প্রোগ্রামের আগামী রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে সি-১ ইউনিট ও বিকাল ২টা ৩০ মিনিটে সি-২-৩ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। ঐদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে নিয়ে ক্যাম্পাসে আসবেন। পরীক্ষার দিন হরতাল ডাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। হাজার হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবনের স্বার্থে উক্ত হরতাল প্রত্যাহার করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছে।