ফ্রান্সিস বেকনের শিল্পকর্ম রেকর্ড দামে বিক্রি

বিশ্বে শিল্পকর্মের মধ্যে রেকর্ড সংখ্যক দামে বিক্রি হলো ফ্রান্সিস বেকনের শিল্পকর্ম। তার চিত্রকর্মটির মূল্য এক হাজার কোটি টাকারও বেশি। ১৯৬৯ সালের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ নামের তিন ভাগের এই ছবিটি নিউইয়র্কে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের মতো নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ। নিলামে তোলার ছয় মিনিটের মধ্যেই এত দাম ওঠে। খবর বিবিসির। চিত্রকর্মটির মূল্য প্রথমে ৮০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে শুরু হয়। শেষ পর্যন্ত টেলিফোনে একজন প্রতিযোগী ১২৭ মিলিয়ন মার্কিন ডলার দাম হাঁকান। কমিশন দিয়ে তাকে ১৪২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি টাকায় যার দাম দাঁড়িয়েছে এক হাজার একশো ছয় কোটি টাকা। এর আগে ২০১২ সালে অ্যাডওয়ার্ড মাঞ্চের ‘দ্য স্ক্রিম’ ১১৯ দশমিক নয় মিলিয়ন ডলার বিক্রি হয়ে রেকর্ড করে।