একজন ইসির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ আজ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৪
একজন নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানাতে জামায়াত আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। ‘জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না’ মর্মে গত ৭ নভেম্বর নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন তাদের আচরণ ও ভূমিকার মাধ্যমে নিজেদের সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। নির্বাচন কমিশনের প্রতি ১৮ দলীয় জোটসহ কোন বিরোধী দলের আস্থা নেই।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে নিবন্ধন সংক্রান্ত মামলার আপিল নিষ্পত্তির আগেই জামায়াতের নিবন্ধন বাতিলের ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের বাইরে রাখা এবং দলীয় প্রতীকে জামায়াত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকারের ইচ্ছা বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন উঠেপড়ে লেগেছে।