ভালোবাসা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৬
ভালোবাসা বারবার আসে, বারবার হারায়
আত্মজন যে-ই হোক, ভালোবাসা ছুঁয়েছে যাকেই
সে-ই নীল জামাটি ছেড়ে সমর্পিত হয়েছে গোলাপি জামায়।
বসন্তের বাতাস না হোক, চেয়েছি ছায়া ও আশ্রয়—
কেউ আমাকে তালপাখায় বাতাস করবে পরম মমতায়
আঁচলে মুছে দেবে ঘাম
সু, পিঞ্জিরায় তোকে বন্দি রেখেছিলাম হূদয়ের মতো
তোকে বা ভিন্নমাত্রায় যাকেই আত্মার সাথে মিশিয়ে নিয়েছি
যাদের স্বেদ ও শ্বাসে মিশে হয়েছি একাকার
রক্তের উন্মাতাল আচরণ অবাক বিস্ময়ে
উপলব্ধি করেছি যাদের সাথে একই সুর তাল মূর্চ্ছনায়
শ্রাবণের বৃষ্টিতে কিংবা কুয়াশায় যাদের সাথে হেঁটে গেছি বহুদূর
তারাও শুধুই পথিক ছিল!
হূদয় কি শুধু বিকিকিনির হাট?
ভালোবাসার পসরা কি নিয়তই ফেরি হয় হাত থেকে হাতে?
তারপর আবার সেই একই ভ্রমণ
স্বপ্ন উত্তাপ চুম্বন স্পর্শ শয়ন ও ক্লান্তি...!
আত্মার অমরতার মতোই ভালোবাসার অমরতা হয়তো
ঘাটে ঘাটে নতুন মানুষ, নতুন নাও, নতুন হাঁকডাক, শোরগোল
দিনশেষে একই ক্লান্তি একই নিস্তব্ধতা
তবুও আবার অবিনাশী আশাতে ভিজে যাওয়া—
ভালোবাসা ভালোবাসা!