বরেণ্য শিল্পীরা গানে-কথায় স্মরণ করলেন মান্না দেকে

মান্না দের গান গাইলেন, শিল্পীকে নিয়ে নানা কথাই বললেন বরেণ্য শিল্পীরা। খন্দকার ইসমাঈলের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’তে দেশের প্রথিতযশা শিল্পীরা অংশ নিলেন মান্না দে স্মরণে। শিল্পীরা হলেন সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা, সুবীর নন্দী, রফিকুল আলম, শেখ সাদি খান, কবি আসাদ চৌধুরী ও আবিদা সুলতানা। পুরো অনুষ্ঠানটিই সঞ্চালক মান্না দেকে উত্সর্গ করে নির্মাণ করেছেন। আর দেশের শীর্ষ শিল্পীদের কথোপকথন ও গান প্রসঙ্গে সঞ্চালক ইসমাঈল বলেন, ‘এটি একজন কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই করা হয়েছে। কারণ আমাদের দেশের অধিকাংশ শিল্পীরাই এই বরেণ্য শিল্পীর ভক্ত ও অনুরক্ত। তাই তাদের সেই আবেগ আর শ্রেষ্ঠ শিল্পীর প্রতি সম্মান জানানোর কাজটিই আমার অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র। ‘স্মাইল শো’ প্রচার হবে আজ রাত ১১টায় এটিএন বাংলায়।