দক্ষিণ চীন সাগরে ফের উত্তেজনা

ফের দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপের কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের চলাচল করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। রবিবার যুদ্ধজাহাজটি একটি কৃত্রিম দ্বীপের কাছে ভ্রমণ করে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, হুয়াও এবং তাইওয়ান নিয়ে চলা বিরোধের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজের এই চলাফেরা বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারনা করা হচ্ছে। এবার দক্ষিণ চীন সাগর নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। খবর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের

যুক্তরাষ্ট্রের সেভেন ফ্লিটের মুখপাত্র কমান্ডার ক্লে ডস বলেন, নিয়ন্ত্রিত ক্ষেপনাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘ইউএস প্রেবল’ স্কারবেরাফ প্রবাল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলাচল করে। মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সমুদ্রসীমার মধ্যে চলার অধিকার তাদের আছে। গত কয়েক মাসে এই এলাকায় দ্বিতীয়বারের মতো ভ্রমণ। গত বুধবার      মার্কিন নৌবাহিনী জানায়, দক্ষিণ চীন সাগরে ভ্রমণ করার অধিকার তারা রাখেন। আগের চেয়ে এর প্রতি মনযোগ আরো বেড়েছে। মিত্রদের অধিকৃত এলাকায় তারা ভ্রমণ বা অভিযান পরিচালনা করে থাকেন। এখানে রাজনীতির কোনো স্থান নেই বলেও নৌবাহিনী জানায়। ওয়াশিংটন মনে করছে, চীন দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অন্যদের চলার অধিকার সীমিত করছে। ফলে মার্কিন যুদ্ধজাহাজের এই এলাকায় ভ্রমণ কৌশলগত কারণেই। চীন বরাবরই বলে আসছে, দক্ষিণ সাগরের দ্বীপগুলোতে তাদের নিয়ন্ত্রণই বজায় থাকবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভয়াবহ সংঘাত বেধে যেতে পারে।