ঝড়ের পরে বিধ্বস্ত ফিলিপাইন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:২৮
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানে বিধ্বস্ত ফিলিপাইনে দুর্গতদের ত্রাণ তত্পরতা জোরদার করা নিয়ে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট বেনিগনো একুইনো। ত্রাণের জন্য মরিয়া হয়ে থাকা মানুষদের জন্য দ্রুত খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা নিয়ে একুইনোর ওপর চাপ বাড়ছে। একইসঙ্গে স্থানীয় সরকার সচল রাখা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা নিয়েও হিমশিম খেতে হচ্ছে তাকে। বুধবার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের পরও ফিলিপাইনে চালের গুদাম ও অন্যান্য ত্রাণসামগ্রী লুটপাট হয়েছে। ফিলিপাইনে ত্রাণকাজের সহায়তায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হলেও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত লোকবল এবং পরিবহনের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহ এবং উদ্ধার কাজও করা যাচ্ছে না। এ যাবত্কালের অন্যতম সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হলেও প্রেসিডেন্ট একুইনো বুধবার মাত্র দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।