বোফর্সের অর্থ দিয়ে রাজীব গান্ধী কংগ্রেস চালাতে চেয়েছিলেন

ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার সময়কালে বহুল আলোচিত বোফর্স কেলেঙ্কারির অর্থ দিয়ে কংগ্রেসের খরচ চালাতে চেয়েছিলেন বলে সিবিআইয়ের সাবেক পরিচালক ড.এপি মুখার্জি তার লেখা আত্মজীবনীতে এ কথা বলেছেন। -খবর টাইমস অব ইন্ডিয়ার। ড.মুখার্জি বলেন, রাজীব গান্ধী চেয়েছিলেন প্রতিরক্ষা বিভাগের সরবরাহকারীরা যে কমিশন প্রদান করতো তা কংগ্রেসের ব্যয় মেটানোর কাজে ব্যবহার করা হবে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য ছিল মধ্যভোগী, আমলা ও মন্ত্রীরা যাতে এর অর্থ ভোগ করতে না পারে। তিনি বলেন, রাজীব গান্ধী ১৯৮৯ সালের ১৯ জুন তার কার্যালয়ে এ নিয়ে এক বৈঠকে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। এর দু’বছর আগে এই কেলেঙ্কারির ঘটনা ঘটে। মুখার্জি বলেন, রাজীব গান্ধী ১৯৮৪ সালের শেষদিকে জানতে পারেন যে, সশস্ত্রবাহিনীর কতিপয় কর্মকর্তা গোপনে বিপুল পরিমাণ অর্থ কমিশন হিসাবে আদায় করছেন। আর এগুলো ছিল প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বিষয়াদি। তার কাছে বিষয়টা অনেকটা পরিষ্কারই হয় যে এগুলো গ্রহণ করছিলেন কতিপয় মন্ত্রী, মধ্যস্থতাকারী ও বেসামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে রাজীব গান্ধী যখন তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন, তখন অনেকে পরামর্শ দেন যে, যেসব কমিশন দেয়া হচ্ছে বা দেয়া হয়েছে তার সবই নিষিদ্ধ করা উচিত এবং তখন আরো পরামর্শ দেয়া হয় যে কমিশনের এই অর্থ কংগ্রেস দলের খরচ মেটানোর কাজে ব্যবহার করা উচিত।