ইরানের বিরুদ্ধে আর নয় নিষেধাজ্ঞা

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা যাতে ঝুঁকিমুক্ত থাকে সেজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার দেশটির আইন প্রণেতাদের উদ্দেশে ইরানের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ না করার আহবান জানি-য়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সিনেটরদের সাথে বৈঠকের আগে কেরি সাংবাদিকদের বলেন, ‘ঝুঁকিটি হলো এই যে, কংগ্রেস যদি একতরফাভাবে নিষেধাজ্ঞা বৃদ্ধির দিকে যায়, তাহলে এটা আলোচনা-গুলোর প্রতি বিশ্বাস ভঙ্গ করবে’। তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগে আরো সিনেটরদের ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, ‘তাদের অল্প কিছু সপ্তাহ সময় দিন, দেখুন এটা কাজ করে কিনা’। কেরি আরো বলেন, ‘যদি এগুলো কাজ না করে, তাহলে আমরা নিষেধাজ্ঞা আরোপে ফিরে যাওয়ার অধিকার সংরক্ষণ করি’। এর আগে হোয়াইট হাউজও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে দেশটির সিনেটরদের সতর্ক করে দেয়। মঙ্গলবার হোয়াইট হাউজ কংগ্রেসকে সতর্ক করে দিয়ে বলে, সিনেটররা যদি কূটনৈতিক পন্থাকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করেন তাহলে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সামরিক শক্তি ব্যবহার ছাড়া অন্য কোনো উপায় প্রেসিডেন্ট বারাক ওবামার থাকবে না। কিন্তু আমেরিকার জনগণ আর কোনো যুদ্ধে জড়াতে চায় না। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নে বলেন, কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সংকট সমাধানে ব্যর্থ হলে ওবামা প্রশাসনের সামনে হাতেগোনা কয়েকটি ব্যবস্থা বাকি থাকবে, এগুলোর মধ্যে সামরিক শক্তি অন্যতম।