সংবাদ কণিকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৩৪
বিষণ্নতা বার্ধক্য ডেকে আনে
বিষণ্নতা শুধু মানসিক ও শারীরিক ক্ষতিই করে না বরং এর কারণে মানুষের দেহের কোষগুলোরও বয়স বেড়ে যায়। ফলে দেখা দেয় অকাল বার্ধক্য। একথাই বলা হয়েছে নেদারল্যান্ডের নতুন এক গবেষণায়। গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, ভয়াবহ বিষণ্নতায় ভোগা মানুষদের দেহের কোষগুলো অন্যদের তুলনায় (যারা বিষণ্নতা কাটিয়ে উঠেছেন) অনেক বেশি বুড়িয়ে গেছে। বিষণ্নতার সঙ্গে যে হূদরোগ, ডায়াবেটিস, স্থূলতা ও হূদরোগাক্রান্ত হওয়ার সম্পর্ক আছে তা প্রমাণিত হয়েছে আগের বহু গবেষণায়।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নির্মাণাধীন ১ হাজার ৭৭৬ ফুট উচ্চতার নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন দেশটির সর্বোচ্চ ভবন। বহুতল ভবন বিষয়ক পরিষদ কমিটি এবং আরবান হ্যাবিটেট অনেক তর্ক-বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চূড়ায় স্থাপিত ৪০৮ ফুট সুচসহ এর উচ্চতা নির্ধারণের পর বুধবার এটিকে সর্বোচ্চ ভবন ঘোষণা করেছে। এতে করে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত শিকাগোর উইলিস টাওয়ারের (১ হাজার ৪৫১ ফুট উঁচু) সর্বোচ্চ ভবনের খেতাবও ছাড়িয়ে গেল ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ভবনটির উচ্চতা ৪০৮ ফুট সুচসহ নির্ধারণ না করা হলে এটি উইলিস টাওয়ারের চেয়ে কম উঁচু হত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের জায়গাটিতেই গড়ে তোলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর নির্মাণ কাজ আগামী বছরের আগে শেষ হচ্ছে না।
বৈদ্যুতিক গাড়ির রেসিং ‘ফর্মুলা ই’
অবশেষে রেসিং ট্যাকে নামছে বৈদ্যুতিক গাড়ি। বিদ্যুত্চালিত গতিদানবদের জন্য নতুন ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপ চালু করেছে আন্তর্জাতিক অটোমোবাইল রেসিং ফেডারেশন, ‘ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন’। ২০১৪ সালে বিশ্বের প্রথম ‘ফর্মুলা ই’ রেসিংয়ে চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে থাকবে লন্ডন। বিবিসি জানিয়েছে, প্রথম ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লন্ডন, রোম, মায়ামি, বেইজিং এবং রিও ডি জেনিরোসহ পৃথিবীর মোট ১০টি দেশের ট্রাকে নামবে বিদ্যুত্চালিত রেসিং গাড়িগুলো।