পশ্চিমাঞ্চল রেলওয়েতে নাশকতা ঠেকাতে রেড এলার্ট
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৪
জামায়াত- শিবিরের নাশকতা ঠেকাতে সৈয়দপুর রেলপথসহ রেলওয়ের পশ্চিম জোনে রেড এলার্ট জারি করা হয়েছে। গত কয়েক মাসে জামায়াত-শিবির ট্রেনে হামলা, অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলার মতো একাধিক সহিংসতা ঘটানোর কারণে এ রেড এলার্ট জারি করা হয় বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। নাশকতা ঠেকাতে রেলওয়ে পুলিশ ও নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও পুলিশের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, সাম্প্রতিক হরতালে বিভিন্ন এলাকায় ট্রেন ও রেললাইনকে ঘিরে নাশকতা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এমন সতর্কতা জারি করা হয়। ট্র্যাকের নিরাপত্তার জন্য জিআরপি সদস্যরা ট্রলির সাহায্যে নাইট পেট্রোলিং ডিউটি শুরু করেছে। এছাড়া রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েম্যানরা ১০ কিলোমিটার পর পর রেললাইন পর্যবেক্ষণ করছে। রাতের লাইন দেখার জন্য ট্রেনের ইঞ্জিনে লাগানো হয়েছে বিশেষ লাইট। ওয়াশপি, লোকোশেড বড় স্টেশনগুলোতে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী কমান্ড্যান্ট শাহজাহান সরকার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড এলার্ট জারির বিষয়টি জানায়। এলার্ট জারির পর বাড়তি নিরাপত্তা চেয়ে রাজশাহী, খুলনা, রংপুর ও রেলওয়ে রেঞ্জের ডিআইজির কাছে আবেদন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।