কালিয়াকৈর ও তারাগঞ্জে সংঘর্ষে আহত ২৪
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৫
ইত্তেফাক ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর ও রংপুরের তারাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। খবর সংবাদদাতাদের
কালিয়াকৈর (গাজীপুর)
উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকায় বৃহস্পতিবার সকালে জমির দখল নিয়ে আবুল হাসেম ও আব্দুর রাজ্জাক গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে
তারাগঞ্জ (রংপুর)
বসতভিটার ৩ শতক জমি নিয়ে মশিউর রহমান ও গোলাপী বেগমের মধ্যে বিরোধ। লাঠি, ছোরা, লোহার রড নিয়ে সংঘর্ষ উভয়পক্ষের ৯জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ আজগার পাইকার (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সোমবার সয়ার ইউনিয়নের দামোদরপুর (পাইকারপাড়া) গ্রামের গোলাপী বেগম (৪০) তার ভাই আজিনুর (২৮) লাঠি, ছোরা, লোহার রডসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের দলভুক্তদের নিয়ে একই গ্রামের মশিউর রহমানের ভাতিজা রাশেদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এসময় উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। আহতদের মধ্যে এমদাদুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।