বুড়িচং সাব-রেজিস্ট্রি অফিসে ভোগান্তি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৬
কুমিল্লার বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে চলছে নকল নবিস (মূল দলিল ও দলিলের নকল লেখক) সংকট। ফলে জমির দলিল পেতে উপজেলার আটটি ইউনিয়নের জনগণের ভোগান্তি দিনের পর দিন বেড়েই চলছে।
জানা যায়, বুড়িচং উপজেলা সদরে স্থাপিত সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমানে নকল নবিস রয়েছে মাত্র ১৪ জন। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে জমির মালিকরা এ রেজিস্ট্রি অফিসে জায়গা-জমি ক্রয়-বিক্রয়ের দলিল সম্পাদন করে থাকেন।
এসব রেজিস্ট্রিকৃত মূল দলিল, দলিলের নকল ও দ্বি-নকল উত্তোলনের জন্য প্রতিদিন লোকজনের সমাগম ঘটে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক নকল নবিস না থাকায় লোকজনকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে জমির মালিকরা মূল দলিল বা নকল না পেয়ে নানা সমস্যায় ভুগছেন। এছাড়া সাব-রেজিষ্ট্রি অফিসটির নিজস্ব কোন ভবন নেই। উপজেলা সাব-রেজিস্ট্রার সৈয়দা রৌশন আরা জানান, ‘এ অফিসে ১৪ জন নকল নবিস রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জনগণের দুর্ভোগ নিরসনে এ সমস্যার সমাধানে শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে।’