পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর জেলার বিরল উপজেলার মোকলেসপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় গত বুধবার সকালে আলাউদ্দীনের পুত্র আরিফুল ইসলাম (১৫) নামে এক কিশোর মারা গেছে। বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয়। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। গৌরীপুর (ময়মনসিংহ) ময়মনসিংহের গৌরীপুরে গত বুধবার সন্ধ্যায় ট্রলি চাপায় মনোরঞ্জন (৫৫) নামে এক ইটখলা শ্রমিক মারা গেছেন। উপজেলার দাড়িয়াপুর গ্রামে তানিয়া ব্রিক ফিল্ড থেকে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একই ইটখলার মাটি বোঝাই একটি হ্যান্ডট্রলির চাপায় সে গুরুতর আহত হন। গৌরীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু বলে জানায়। নিহত শ্রমিকের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। ভাঙ্গা (ফরিদপুর) ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের বামনকান্দায় গতকাল বৃহস্পতিবার ট্রাক চাপায় প্রভাষ মালো (২৫) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। নিহত প্রভাষ মালো উপজেলার চান্দ্রা বাজার গ্রামের অর্জুন মালোর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শালিখা (মাগুরা) শালিখার শতখালী গ্রামের ইন্দাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হন। যশোরগামী মেঘনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত্যু বলে জানায়। বানারীপাড়া (বরিশাল) বরিশালের উজিরপুরে গত বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সুমন বেপারী (২৩) নামে এক ব্যক্তি মারা যান। রড ভর্তি নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন গুরুতর আহত হন। নিহত সুমন বেপারী বড়াকোঠা গ্রামের লতিফ বেপারীর ছেলে। জীবননগর (চুয়াডাঙ্গা) জীবননগর উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পসের সামনে গত বুধবার বিকালে কাঠভর্তি একটি পাওয়ার ট্রিলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন (২৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন।