কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ

সরকারী নীতিমালা থাকলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা হাসপাতালের আবাসিক ভবনে থাকেন না । রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ১/২ ঘণ্টা বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন। ফলে সময় মতো ডাক্তার না পাওয়ায় রোগীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে সর্বমোট ১৮ জন ডাক্তার কর্মরত আছেন। প্রতিজন ডাক্তারের জন্য সরকারিভাবে হাসপাতালে আবাসিক ভবন বরাদ্দ রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ডাক্তারদের আবাসিক ভবনে থাকার কথা থাকলেও কালিয়াকৈরে কর্মরত ডাক্তাররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সব ভবনে থাকেন না। ডাক্তাররা সরকারি নীতিমালার তোয়াক্কা না করে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এসে অফিস করেন। আবার ডাক্তাররা অনেক সময় হরতালসহ নানা অজুহাতে বিনাছুটিতেই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ ব্যাপারে আলাপকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কমর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতো সারা বাংলাদেশের কোন উপজেলাতেই ডাক্তাররা কর্মস্থলের আবাসিক কোয়ার্টারে থাকেন না।